পিএসএল
Published : 13 Mar 2026, 09:34 PM
বিশ্বকাপ অভিযান শেষে ভারতে সপ্তাহখানেক আটকে থাকার পর দেশে ফিরে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছেন গুডাকেশ মোটি। আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার।
মোটির বদলি হিসেবে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগেকে দলে যোগ করার কথা শুক্রবার নিশ্চিত করেছে পিএসএলের শিরোপাধারী লাহোর কালান্দার্স।
গত ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পরিকল্পনা মতো ভারত ছাড়তে পারেনি তারা। বারবার পেছায় তাদের ফ্লাইট।
ক্যারিবিয়ানদের শুরুতে চার্টার ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও পরে তা বদলে যায়। শেষ পর্যন্ত দুই দিন আগে কমার্শিয়াল ফ্লাইটে ভারত ছাড়ে তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী মোটি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে পিএসএলে খেলার কথা ছিল কেবল তারই।
বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেন ওয়েলালাগে। ওভারপ্রতি ৭.২২ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি। ব্যাট হাতেও কার্যকর ভুমিক রাখতে পারেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিশ্ব মঞ্চে যদিও খুব ভালো করতে পারেননি। ৭২ রান করেছেন ৬ ইনিংসে ব্যাটিং করে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচ খেলে ৮৩ উইকেট নিয়েছেন ওয়েলালাগে। ব্যাট হাতে করেছেন ৭০৩ রান।
আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল। উদ্বোধনী ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেনের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।