বিসিবিতে নিজের ভবিষ্যৎ যা-ই হবে, ‘মেনে নেবেন’ বাংলাদেশ কোচ
ক্রিকেট বোর্ডের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তৈরি আছেন চান্দিকা হাথুরুসিংহে।
শেখ হাসিনা সরকারের পতনের পর সংস্কারের যে হাওয়া লেগেছে দেশে, এর বাইরে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এরই মধ্যে পদত্যাগ করেছেন পরিচালক জালাল ইউনুস। গুঞ্জন আছে, বড় পরিবর্তন আসবে বোর্ডে। এই অবস্থায় সৃষ্ট অনিশ্চয়তায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না চান্দিকা হাথুরুসিংহে। যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত বাংলাদেশের প্রধান কোচ।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি। বোর্ড চাইলে চুক্তির মেয়াদ শেষ করা পর্যন্ত থাকবেন হাথুরুসিংহে। আর তাকে সরিয়ে দেওয়া হলে, তাতেও আপত্তি নেই শ্রীলঙ্কান কোচের।
গত ৫ অগাস্টের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ অনেক পরিচালক লাপাত্তা। তাদের অনুপস্থিতিতে বড় পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবিতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে সভাপতি হিসেবে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে প্রবল।
সেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই রোববার এক সাক্ষাৎকারে ফারুক বলেছেন, তিনি বোর্ডে এলে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহেকে রাখার কোনো কারণ দেখেন না।
টেস্ট সিরিজ শুরুর আগে সোমবারের সংবাদ সম্মেলনে তাই হাথুরুসিংহের কাছে প্রশ্ন রাখা হয়, বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তিনি? উত্তরে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার কথা বলেন বাংলাদেশ কোচ।
"আমার কোনো ধারণা নেই, বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। আবার তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।"
