১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের দায়িত্বে থাকা টেইট আগ্রহী বাংলার কোচিংয়ে

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তিন সদস্যের কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ।

বাংলাদেশের দায়িত্বে থাকা টেইট আগ্রহী বাংলার কোচিংয়ে
তাসকিন আহমেদের সঙ্গে কথা বলছেন শন টেইট। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 12:56 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বাংলাদেশে শন টেইটের চুক্তির মেয়াদ আছে আরও দেড় বছর। বাংলাদেশের পেস বোলিং ইউনিট তার কোচিংয়ে বেশ উপকৃত হচ্ছে বলেও মনে করা হয়। তবে তিনি নিজে এখন তাকিয়ে পশ্চিমবঙ্গে। কলকাতার সংবাদমাধ্যমের খবর, বাংলা রঞ্জি দলের প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।

এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় এখনও পর্যন্ত কোনো উত্তর দেননি টেইট। বিসিবি এখনও কিছুই জানে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ও ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। 

টেইটের স্ত্রী ভারতীয়। বছরের নানা সময়ে ভারতে গিয়ে থাকেন তিনি। তাছাড়া ভারতে কাজ করলে আইপিএলসহ বিভিন্ন জায়গায় কাজের দুয়ারও খুলে যাবে। রাজ্য দল বা আঞ্চলিক ক্রিকেটের ব্যস্ততা বছরজুড়ে থাকে না। সব মিলিয়ে ভারতে কাজ করতে টেইটের আগ্রহের অনেক কারণই থাকতে পারে। 

বাংলাদেশের কোচিং স্টাফের দু-একজনের সঙ্গে টেইটের কিছু মতবিরোধ আছে বলে উঠে এসেছে কলকাতার দা টেলিগ্রাফের খবরে। 

পত্রিকাটি জানিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) তিন সদস্যের একটি কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন টেইট। সেই কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার ও বাংলার সাবেক কোচ অরুন লাল, সাবেক ক্রিকেটার দেবাং গান্ধী ও সাবেক ক্রিকেটার কল্যাণ চৌধুরি। সিএবি প্রধান ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলিও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত বলে জানা গেছে। 

বাংলার বর্তমান প্রধান কোচ লক্ষ্নী রতন শুক্লার জায়গায় টেইটকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে এই কমিটি। 

অনুশীলনের ফাঁকে নাহিদ রানা ও শরিফুল ইসলামের সঙ্গে টেইট। ছবি: বিসিবি।

অনুশীলনের ফাঁকে নাহিদ রানা ও শরিফুল ইসলামের সঙ্গে টেইট

তবে লক্ষ্নী রতন শুক্লার কোচিংয়ে বেশ ভালো ফলাফল করছে বাংলা। যদিও বড় ম্যাচগুলোতে বা গুরুত্বপূর্ণ সময়ে তারা পেরে ওঠেনি। তার পরও কোচিংয়ের ধারাবাহিকতা রক্ষায় সাবেক এই অলরাউন্ডারকেই দায়িত্বে রেখে দিতে পারে সিএবি। 

সেক্ষেত্রে টেইটকে নিয়ে বিকল্প ভাবনাও আছে সিএবির। মূল রাজ্য দলের পেস বোলিং কোচের দায়িত্বের পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটে ও উঠতি পেসারদের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। তবে সেখানে আপাতত মূল বাধা টেইটের পারিশ্রমিক।

বাংলাদেশে মাসে ১৪ হাজার ডলার পারিশ্রমিক টেইটের। বাংলাদেশের মুদ্রায় যা বার্ষিক ২ কোটি টাকার বেশি। সিএবির কাছে টেইট আড়াই কোটি রুপির মতো পারিশ্রমিক চেয়েছেন বলে জানা গেছে। আলোচনার মাধ্যমে তা যদি ২ কোটি রুপিতেও নেমে আসে, তার পরও একটি রাজ্য সংস্থার জন্য অঙ্কটা বেশ বড়। এটি নিয়েই এখন দ্বিধায় আছে সিএবি।

যদিও কলকাতার সংবাদমাধ্যম জানাচ্ছে, টেইটের সঙ্গে সিএবির আলোচনা চলমান আছে। 

গত বছরের মে মাসে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেন টেইট। বিসিবিতে তার চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সাবেক এই গতি তারকার কাজে বিসিবি মোটামুটি সন্তুষ্ট বলেই জানা গিয়েছে নানা সময়ে। দেশের পেস বোলিং ইউনিটের বেশ ঘনিষ্ঠ তিনি। 

তবে টেইট শেষ পর্যন্ত যেতে চাইলে চুক্তিগত বাধ্যবাধকতায় তাকে আটকানোর চেষ্টা করা হবে না বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস।

“তিনি আমাদেরকে এ ব্যাপারে কিছু জানাননি। ব্যক্তিগতভাবে তিনি সেখানে যোগাযোগ করে থাকতে পারেন। তবে কিছু না জেনে আমাদের মন্তব্য করা ঠিক হবে না। তবে সত্যিই তিনি যেতে চাইলে আমরা অবশ্যই সেখানে বাধা হয়ে দাঁড়াব না।”