১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লায়ন-কামিন্সের ছোবলে জয়ের পথে অস্ট্রেলিয়া

অ‍্যাডিলেইড টেস্ট জিততে শেষ দিনে ৪ উইকেট চাই অস্ট্রেলিয়ার, ইংল‍্যান্ডের প্রয়োজন ২২৮ রান।

লায়ন-কামিন্সের ছোবলে জয়ের পথে অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

শুরুটা করেছেন প‍্যাট কামিন্স, পরে চাপ বাড়িয়েছেন ন‍্যাথান লায়ন। দুই অভিজ্ঞ বোলারের ছোবলে ডুবতে বসেছে ইংল‍্যান্ডের ক্ষীণ আশা। অ‍্যাডিলেইড টেস্টে চালকের আসনেই আছে অস্ট্রেলিয়া। ম‍্যাচ বাঁচানো কিংবা জয়- দুটিই ইংল‍্যান্ডের জন‍্য ভীষণ কঠিন করে তুলেছেন লায়ন ও কামিন্স। 

প্রথম তিন টেস্ট জিতে অ‍্যাশেজ সিরিজ নিজেদের করে নেওয়ার হাতছানি কামিন্সের দলের সামনে। তৃতীয় টেস্টের শেষ দিনে তাদের প্রয়োজন ৪ উইকেট। ইংল‍্যান্ডের প্রয়োজন ২২৮ রান। 

সফরকারীরা ৬ উইকেটে ২০৭ রানে শেষ করেছে চতুর্থ দিন। জেমি স্মিথ ২ ও উইল জ‍্যাকস ১১ রানে ব‍্যাট করছেন। 

আবহাওয়ার পূর্বাভাসে পঞ্চম ও শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরপরও ৪ উইকেট নিয়ে পুরো একটি দিন কাটিয়ে দেওয়া ভীষণ কঠিন।

৪৩৫ রান তাড়ায় শুরুতেই বেন ডাকেটকে হারায় ইংল‍্যান্ড। সিরিজে নিজেকে খুঁজে ফেরা বাঁহাতি ওপেনার কামিন্সের হাতে ধরা পড়েন মার্নাস লাবুশেনের হাতে। 

অলি পোপকেও ফেরান কামিন্স। তার বলে এবার স্লিপে দুর্দান্ত এক ক‍্যাচ নেন লাবুশেন। 

তৃতীয় উইকেটে জো রুটকে নিয়ে প্রতিরোধ গড়েন জ‍্যাক ক্রলি। চা-বিরতির পর নিজের প্রথম ওভারে জমে যাওয়া জুটি ভাঙেন কামিন্স। অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট পেতে দিয়ে কট বিহাইন্ড হন রুট। টেস্টে অস্ট্রেলিয়া অধিনায়কের বলে এ নিয়ে ত্রয়োদশবার আউট হলেন এই সংস্করণে ইংল‍্যান্ডের সফলতম ব‍্যাটসম‍্যান। 

ক্রলি ও রুটের সুইপ, রিভার্স সুইপে প্রথম স্পেলে খরুচে বোলিং করা লায়ন দিনের শেষ দিকে ম‍্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার দিকে ঘুরিয়ে দেন। 

চতুর্থ উইকেটে ক্রলি ও হ‍্যারি ব্রুকের জুটিতে দৃঢ় ভিত পেয়ে যাচ্ছিল ইংল‍্যান্ড। ব্রুককে বোল্ড করে ৬৮ রানের জুটি ভাঙার পর বেন স্টোকসকে দ্রুত থামান লায়ন। পরে তার বলে দারুণ দক্ষতায় ক্রলিকে স্টাম্পড করেন অ‍্যালেক্স কেয়ারি। 

১৫১ বলে আর চারে ক্রলি করেন ৮৫ রান। দিনের বাকি সময়টা কোনোমতে কাটিয়ে দেন স্মিথ ও জ‍্যাকস। 

২৪ রানে ৩ উইকেট নেন কামিন্স। লায়ন ৩ উইকেট নেন ৬৪ রানে। 

এর আগে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। শুরুর কয়েক ওভার নিরাপদেই কাটিয়ে দেন ট্রাভিস হেড ও কেয়ারি।

জশ টংয়ের বলে ছক্কার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন হেড। ভাঙে ২২৩ বল স্থায়ী ১৬২ রানের জুটি। হেডের ২১৯ বলে খেলা ১৭০ রানের দারুণ ইনিংস গড়া দুই ছক্কা ও ১৬ চারে।

এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া। এ দিন শুরুতেই আক্রমণে আসা ইংল‍্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে ব্রুকের হাতে ধরা পড়েন কেয়ারি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এবার ১২৮ বলে ছয় চারে করেন ৭২ রান। 

ব্রাইড কার্স, জফ্রা আর্চাররা এরপর দ্রুত গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। স্বাগতিকরা এদিন শেষ ৬ উইকেট হারায় কেবল ৩৮ রানে।

অ্যাডিলেইড টেস্টে শুক্রবার ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থামিয়ে ৮৫ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৭১ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৭১ 

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮৬ 

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২৭১/৪) ৮৪.৪ ওভারে ৩৪৯ (হেড ১৭০, কেয়ারি ৭২, ইংলিস ১০, কামিন্স ৬, স্টার্ক ৭*, লায়ন ০, বোল‍্যান্ড ১; আর্চার ১২.৪-২-২০-১, কার্স ২০-১-৮০-৩, টং ১৮-০-৭০-৪, জ্যাকস ১৯-০-১০৭-১, রুট ৮-০-৩২-০, স্টোকস ৭-০-২৬-১)

ইংল‍্যান্ড ২য় ইনিংস (লক্ষ‍্য ৪৩৫) ৬৩ ওভারে ২০৭/৬ (ক্রলি ৮৫, ডাকেট ৪, পোপ ১৭, রুট ৩৯, ব্রুক ৩০, স্টোকস ৫, স্মিথ ৫*, জ‍্যাকস ১১*; স্টার্ক ১০-৩-৩৫-০, কামিন্স ১২-৩-২৪-৩, বোল্যান্ড ১২-৩-২৩-০, লায়ন ১৮-৩-৬৪-৩, গ্রিন ৩-০-১৬-০, হেড ১০-৩-৩৪-০)