Published : 11 Nov 2025, 10:02 AM
পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দৃবৃত্তরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায় তার বাড়ির ফটকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় আততায়ীরা। এই ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।
সোমবার ভোররাত পৌনে দুইটার দিকে এই হামলা হয় বলে জানায় মায়ার পুলিশ। বাড়ির মূল ফটকে বেশ কয়েকটি গুলি চালিয়ে সটকে পড়ে হামলাকারীরা। কেউ হতাহত না হলেও বাড়ির ফটকে গুলির ক্ষত রয়ে যায়।
নাসিম শাহ তখন পাকিস্তান দলের সঙ্গে ছিলেন টিম হোটেলে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি রাওয়ালপিন্ডিতে, যেটি শুরু হচ্ছে মঙ্গলবার। হামলার ঘটনার পরও আপাতত দল ছেড়ে যাচ্ছেন না ২২ বছর বয়সী পেসার।

নাসিমের ছোট দুই ভাই ২১ বছর বয়সী হুনাইন শাহ ও ১৯ বছর বয়সী উবেইদ শাহও ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন এই দুই পেসারও। হামলার সময় তারা বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর আশেপাশের বাড়িগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করা হয়েছে। নাসিমের বাড়ি ও ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই ঘটনায় মামলা দায়ের করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন নাসিমের বাবা। তাকে আশ্বাস দেওয়া হয় দ্রুত ব্যবস্থা নেওয়ার।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কোনো সন্ত্রাসী হামলা নয় এটি। পারিবারিক বা আঞ্চলিক কোনো ঝামেলা থাকতে পারে। তবে নাসিমের বাবা বলেছেন, কারও সঙ্গে তাদের তেমন কোনো শত্রুতা নেই। স্থানীয় লোকজনও পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেছে, এই পরিবারকে সবাই সম্মানের চোখেই দেখে থাকে।