১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বছরজুড়ে কোচ চায় স্যান ফ্র্যান্সিসকো, থাকছেন না ওয়াটসন

টানা তিন মৌসুম দায়িত্ব পালনের পর দলটি কোচ আর থাকছেন না সাবেক অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 10:00 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের কোচের দায়িত্বে আর দেখা যাবে না শেন ওয়াটসনকে। টানা তিন মৌসুম দায়িত্ব পালনের পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আর থাকছেন না সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

ওয়াটসনের বদলে নতুন কোচ এখন ঠিক করেনি স্যান ফ্র্যান্সিসকো। বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, দলের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে বছরব্যাপী কোচিং মডেলের পথ বেছে নিচ্ছে তারা। কিন্তু ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে ওয়াটসনের চুক্তি আছে, অন্যান্য জায়গায় কোচিং ব্যস্ততাও আছে। ওয়াটসনকে তাই বছরজুড়ে পাচ্ছে না তারা। 

ওয়াটসনের কোচিংয়ে তিন মৌসুমের প্রথমটিতে ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল স্যান ফ্র্যান্সিসকো। তবে গত বছর তারা হয় রানার্স আপ, সবশেষ আসরে খেলে প্লে-অফে।

বিদায়বেলায় ওয়াটসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্যান ফ্র্যান্সিসকোর প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

“প্রথম প্রধান কোচ হিসেবে শেন ছিল আমাদের সহজাত পছন্দ এবং দলটিকে শূন্য থেকে গড়ে তোলায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিন মৌসুমের দায়িত্বে শেনের নিবেদনের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। তার সামনের পথচলায় প্রতিটি সাফল্যের জন্য তার প্রতি থাকবে শুভ কামনা।”

এমএলসি ছাড়াও ওয়াটসন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন দুই মৌসুম, পাকিস্তান সুপার লিগে ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ। বিগ ব্যাশেও তিনি কাজ করেছেন বিভিন্ন দায়িত্বে।