০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পিএসএল অভিষেকে উইকেটশূন্য শরিফুল

প্রতিপক্ষের বড় স্কোরের ম্যাচে বোলিং অবশ্য খারাপ করেননি বাংলাদেশের বাঁহাতি পেসার।

পিএসএল অভিষেকে উইকেটশূন্য শরিফুল
শরিফুল ইসলাম। ছবি: পেশাওয়ার জালমি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 06:28 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

পাওয়ার প্লেতে তিন ওভারে বেশ আঁটসাঁট বোলিং করলেন শরিফুল ইসলাম। শেষটায় একটু খরুচে হলেও প্রতিপক্ষের বড় স্কোরের ম্যাচে বোলিং অবশ্য খারাপ করলেন না তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকে কোনো উইকেটের দেখা যদিও পেলেন না বাংলাদেশের বাঁহাতি পেসার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

পেশাওয়ার জালমির হয়ে চার ওভারে ৩১ রান দেন শরিফুল।

আলি রাজা সর্বোচ্চ ২টি উইকেট নিতে পারলেও তিন ওভারে তিনি দেন ৪২ রান। তিন ওভারে ৪৩ রানে একটি উইকেট পান আমের জামাল, তিন ওভারে ৩৬ রানে একটি অ্যারন হার্ডি। 

সাত চার ও ছয় ছক্কায় ৪৬ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার ইয়াসির খান। তার সঙ্গে ১২৫ রানের উদ্বোধনী জুটির পথে ৩২ বলে ৪১ রান করেন অধিনায়ক মোহাম্মাদ রিজওয়ান। 

ম্যাচের প্রথম ওভারে বল হাতে পান শরিফুল। তার প্রথম চার বলে কোনো রান নিতে পারেননি ইয়াসির। এরপর হয় একটি ওয়াইড। পঞ্চম বলে শর্ট ডেলিভারি ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান ইয়াসির। শেষ বলে আসেনি রান।

প্রথম ওভারে ৭ রান দেওয়া শরিফুল পরের ওভারে দেন ৮। এবার তাকে একটি চার মারেন ইয়াসির।

পাওয়ার প্লের শেষ ওভারে দারুণ বোলিং করেন শরিফুল। একটি ওয়াইডসহ এবার দেন কেবল ৫ রান।

আবার শরিফুলকে বোলিংয়ে ফেরানো হয় ১৯তম ওভারে। প্রথম বলে লো ফুল টসে চার মারেন স্যাম বিলিংস। পরের বলে ব্যাটসম্যান ঠিকমতো খেলতে না পারলেও, শরিফুল ওভারস্টেপ করায় ‘নো’ বলের সংকেত দেন আম্পায়ার। এরপর টানা দুটি ওয়াইড দেন তিনি। বৈধ দ্বিতীয় বলে বিলিংস কাভারে ধরা পড়লেও ফ্রি হিটের কারণে উইকেট মেলেনি।

শেষ চার বলে অবশ্য চার রানের বেশি শরিফুল দেননি। এই ওভারে আসে মোট ১১ রান। 

পেশাওয়ার দলে আছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার তানজিদ হাসান ও নাহিদ রানা। তবে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পান শুধু শরিফুল। রাওয়ালপিন্ডির একাদশে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন।