Published : 09 Aug 2026, 08:42 PM
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অবশ্য বয়সটা মুখ্য নয়। ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যানের ভয়ডরহীন ব্যাটিং মন জয় করে নিয়েছে অস্ট্রেলিয়ান পেস বোলিং গ্রেটের।
২০২৫ সালের আইপিএলে বিস্ফোরক এক সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বে নজর কাড়েন সুরিয়াভানশি। আর এই বছরের আইপিএলে তো তিনি ছিলেন আরও পরিণত। রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেন, এক সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেন পাঁচটি। আসরে বেশ কয়েকটি পুরস্কার জেতেন এই কিশোর।
বয়সভিত্তিক ক্রিকেট, আইপিএল, ভারতের ইমার্জিং দল ও ‘এ’ দলের হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়া সুরিয়াভানশি এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদও পেয়েছেন। তুমুল আলোচনার পর জাতীয় দলে সুযোগ পাওয়া বাঁহাতি ওপেনারের শুরুটা যদিও ভালো ছিল না। ইংল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টিতে করেন কেবল ৪২ রান।
ব্যর্থতার সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ান তিনি জিম্বাবুয়ে সফরে। সেখানে তিন ম্যাচে দুই ফিফটিতে করেন ১৫১ রান। জেতেন সিরিজ সেরার পুরস্কারও। ‘বিয়ারবাইসেপস’ ইউটিউব চ্যানেলে আলাপকালে সুরিয়াভানশিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা তুলে ধরলেন ব্রেট লি।
“সে অবিশ্বাস্য। ভারতের বাইরে সবাই প্রশ্ন করে, তার বয়স আসলেই ১৫ কি না। তার বয়স কি ১৫, এটাই সম্ভবত বিশ্বে সবচেয়ে বড় আলোচনার বিষয়। তার বয়স কত, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যদি সে ১৫ বছর বয়সী হয়, দারুণ। কিন্তু ১৭ বা ১৮ হলেও কিছু যায় আসে না। এই ছেলে ক্রিকেট খেলতে পারে। ভারতের জন্য সে দারুণ এক আবিষ্কার, ভবিষ্যতে আরও বড় ও ভালো কিছু অর্জন করবে।”
আইপিএলে প্যাট কামিন্স, জশ হেইজেলউড, মিচেল স্টার্কদের মতো বিশ্বের তারকা পেসারদের যেভাবে খেলেছেন সুরিয়াভানশি, সেটাই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ব্রেট লিকে।
“খুব অল্প সময়ের মধ্যেই সে আইপিএলে আলো ছড়িয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের ইনিংস খেলার পথে সে অস্ট্রেলিয়ান বোলারদের মুখোমুখি হয়েছিল। তারা প্রচণ্ড গতিতে বল করছিল, আর সে নাকের ডগা থেকে সেগুলোকে হুক করছিল।
সে উপযুক্ত ক্রিকেটীয় শট খেলছে এবং কোথা থেকে যেন শক্তি পাচ্ছে। তার ফর্ম বা ব্যাটিং নিয়ে কোনো সমস্যা হবে না; কেবল তার মানসিকতা ঠিক রাখতে হবে। সে এখনও কিশোর। তাকে কিশোরের মতোই থাকতে দিন এবং তার ওপর বাড়তি চাপ দেবেন না।”