২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওভারে ২৮ রান নিয়ে স্মিথের সেঞ্চুরি

ষোড়শ ওভারে হুনাইন শাহর ওপর ঝড় বইয়ে দেন তিনি, প্রতিটি বলে মারেন বাউন্ডারি।

ওভারে ২৮ রান নিয়ে স্মিথের সেঞ্চুরি
স্টিভেন স্মিথ। ছবি: মুলতান সুলতান্স ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

সেঞ্চুরি ছুঁতে তখনও ২৩ রান লাগে স্টিভেন স্মিথের। হুনাইন শাহর ওপর ঝড় বইয়ে দিলেন তিনি। ওভারের প্রতিটি বলে বাউন্ডারি মেরে করলেন ২৮ রান। সেই তাণ্ডবের পথে পঞ্চম ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পা রাখলেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ব্যাটসম্যান।

পিএসএলে বুধবার হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মুলতান সুলতান্সের হয়ে ইনিংস শুরু করতে নেমে ১০৬ রান করেন স্মিথ। ৫০ বলের ইনিংসটি সাজান ছয়টি ছক্কা ও ১২টি চারে।

পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এটাই স্মিথের প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ষষ্ঠবার শতকের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি।

পিএসএলে প্রথমবার খেলতে যাওয়া স্মিথ ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন। সবশেষ ম্যাচে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে করেছিলেন ৫৩ রান। ত্রিশ ছোঁয়া ইনিংস আছেন তার আরও দুটি। নবম এসে পেয়ে গেলেন সেঞ্চুরিও। 

২০ ওভারের ক্রিকেটে স্মিথের আগের সেঞ্চুরিটি ছিল বিগ ব্যাশে। গত জানুয়ারিতে সিডনি থান্ডারের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে ঠিক ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেদিন ৪২ বলের ইনিংসে ছক্কা মেরেছিলেন নয়টি, চার পাঁচটি।

বিগ ব্যাশে মোট চারটি সেঞ্চুরি করেছেন স্মিথ। আইপিএলে তার সেঞ্চুরি আছে একটি। এবার পিএসএলেও পেয়ে গেলেন তিন অঙ্কের ছোঁয়া।

করাচিতে এদিন প্রথম তিন ওভারে তেমন স্ট্রাইকই পাননি স্মিথ। চতুর্থ ওভারে হুনাইনকে ছক্কায় উড়িয়ে ডানা মেলে দেন তিনি। এই পেসারের পরের ওভারে মারেন টানা দুটি চার। সাইম আইয়ুবকে দুটি ছক্কা মারার পর, মার্নাস লাবুশেনকে ছক্কা মেরে ২৫ বলে ফিফটি স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান।

স্মিথের সঙ্গে ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়া সাহিবজাদা ফারহান পাঁচটি ছক্কা ও চারটি চারে করেন ৪৩ বলে ৬৬। গ্লেন ম্যাক্সওয়েলকে টানা দুটি ছক্কার পর ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানি ওপেনার।

ষোড়শ ওভার যখন শুরু, স্মিথের নামের পাশে রান ৭৭। ওভারের প্রথম দুই বলে চার মারার পর তৃতীয়টিকে লেগ সাইড দিয়ে ছক্কায় ওড়ান তিনি। পরের ডেলিভারিতে চার মেরে পৌঁছে যান ৯৫ রানে। পঞ্চম বলে ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলেন স্মিথ। ৪৭ বলে পা রাখেন সেঞ্চুরিতে। পরের বলে চার মেরে শেষ করেন ওভার।

পরের ওভারেই বাজে স্মিথের বিদায় ঘণ্টা। হাসান খানের বলে লং-অফে স্বদেশি লাবুশেনের হাতে ধরা পড়েন তিনি।

স্মিথের সেঞ্চুরির সৌজন্যে ২০ ওভারে ২১৩ রান করে মুলতান সুলতান্স।