পাকিস্তান-শ্রীলঙ্কা
Published : 06 Jan 2026, 11:00 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে শ্রীলঙ্কার জার্সিতে সবশেষ এই সংস্করণে দেখা গিয়েছিল ধানাঞ্জায়া ডি সিলভাকে। আরেকটি বৈশ্বিক আসরের আগে তাকে দলে ফিরিয়েছে লঙ্কানরা। অভিজ্ঞ এই স্পিনিং অলরাউন্ডারকে রেখে পাকিস্তান সিরিজের স্কোয়াড সাজিয়েছে তারা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির জন্য মঙ্গলবার ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ধানাঞ্জায়া ছাড়াও ফিরেছেন পেসার মাথিশা পাথিরানা ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ট্রাভিন ম্যাথিউ। ২১ বছর বয়সী অফ স্পিনার ইমার্জিং এশিয়া কাপে লঙ্কানদের প্রতিনিধিত্ব করেন।
এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন ম্যাথিউ। আর ইমার্জিং এশিয়া কাপে ৭ শিকার ধরেন তিনি।
লঙ্কার সবশেষ টি-টোয়েন্টি খেলে পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছে ভানুকা রাজাপাকসে, পাভান রাত্নায়েকে, ভিজায়কান্থ ভিয়াসকান্থ ও আসিথা ফার্নান্দো।
দেড় বছর পর শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলার হাতছানি ৩৪ বছর বয়সী ধানাঞ্জায়ার সামনে। দেশের জার্সিতে ৪৫ টি-টোয়েন্টির সবশেষটি খেলেন ২০২৪ সালের জুনে, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই সংস্করণে ৩ ফিফটিতে ৮৪৭ রান করেছেন তিনি। অফ স্পিনে নিয়েছেন ১৬ উইকেট।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩২ ম্যাচ খেলে ১২ ফিফটিতে ২ হাজার ৫৩১ রান করেছেন ধানাঞ্জায়া ১২৪.৭৪ স্ট্রাইক রেটে। আর ৮৪ ইনিংসে বোলিং করে ধরেছেন ৫৭ উইকেট। সর্বোচ্চ ৬ রানে ৪ উইকেট।
শ্রীলঙ্কার জার্সিতে পাথিরানার সবশেষ ম্যাচ এশিয়া কাপে, বাংলাদেশের বিপক্ষে। সম্প্রতি আইএলটোয়েন্টিতে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে তার শিকার ৩১ উইকেট। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে নিয়েছেন ১৩৭ উইকেট।
ইমার্জিং এশিয়া কাপে ওয়েলালাগের নেতৃত্বে খেলেছিল শ্রীলঙ্কা। আর জাতীয় দলের হয়ে এশিয়া কাপে খেলেন তিনি সবশেষ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন কেবল ৬টি, উইকেট নিয়েছেন ৭টি। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে তার প্রাপ্তি ৭৩টি।
পাকিস্তান-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজটি শুরু বুধবার। পরের দুই ম্যাচ শুক্রবার ও রোববার। সবগুলো লড়াই হবে ডাম্বুলায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। আগামী ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘বি’ তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, ধানাঞ্জায়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশান হেমান্থা, ট্রাভিন ম্যাথিউ, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, ইশান মালিঙ্গা।