Published : 02 Jun 2026, 11:52 AM
সবর্কালের সেরা ব্যাাটসম্যানদের তালিকায় ভিরাট কোহলির নামটি হয়তো থাকবে। তার প্রজন্মের সেরা ব্যাটসম্যান হিসেবেও তাকে মানেন অনেকেই। সর্বকালের সেরা ক্রিকেটার বা সেরা ব্যাটসম্যান কিংবা সেরা বোলার, এসব নিয়ে বিতর্কও ক্রিকেটে চলছে নিত্য। সেই প্রচলিত সেই আলোচনার জোয়ারে এবার একটু ভিন্ন স্রোত বইয়ে দিলেন স্টুয়ার্ট ব্রড। কোহলিকে তিনি বলছেন সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে, এমন আলোচনা অবশ্য সচরাচর হয় না। সেরা ক্রিকেটারের ক্ষেত্রে যেমন প্রথাগত নানা কিছু দিয়ে বিচার করা যায়, ‘গুরুত্বপূর্ণ’ হয়ে ওঠার ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড ঠিক করে ওঠাও কঠিন।
তবে ‘ফর দা লাভ অব ক্রিকেট’ পডকাস্ট-এ ব্রড যুক্তি তুলে ধরলেন, কেন তিনি কোহলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।
“এমন একটি যুক্তি দেওয়া যেতে পারে যে, সে সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারেন। বিশেষ করে, গত প্রায় ১৫ বছরে আমরা যে পালাবদলের পরিস্থিতি দেখেছি…। তার অর্জনগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে গেলে বলতে হয়, সে অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে, দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে; অধিনায়ক হিসেবে ৩ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গদা (ট্রফি) ধরে রেখেছিল এবং এখন ২টি আইপিএল শিরোপা জিতেছে।”
আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। এই দলের হয়ে তার পারফরম্যান্স অসাধারণ। আইপিএলে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি থেকে শুরু করে ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই তার। এই দলকে দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে বরাবরই তারকায় ঠাসা দল হয়েও আইপিএলের প্রথম ১৭ আসরে একবারও শিরোপা জিতে পারেননি তারা।
সেই খরা ঘুচিয়ে গত বছর প্রথম ট্রফির স্বাদ পায় তারা নতুন অধিনায়ক রাজাত পাতিদারের নেতৃত্বে। তার অধিনায়কত্বেই সেই শিরোপা এবার ধরে রাখতে পারে দলটি। দুটি শিরোপা জয়েই উল্লেখযোগ্য অবদান রাখেন কোহলি।

কোহলির এই পথচলাকে ব্রড তুলনা করলেন আইরিশ গলফ গ্রেট ররি ম্যাকইলরয়ের বাস্তবতার সঙ্গে।
“একটা সময়ে মনে হচ্ছিল আইপিএল তার অধরাই রয়ে যাবে। তাই না? অনেকটা ররি ম্যাকইলরয়ের মতো পরিস্থিতি, যেখানে সবাই চাইছিল সে জিতুক, কিন্তু মনে হচ্ছিল সে হয়তো শেষ পর্যন্ত জিততে পারবে না। তারপর একসময় সে জিতে গেল এবং পরপর দুইবারও জিতে নিল।”
“ওই দলে নিশ্চয়ই ভালো নেতৃত্ব ছিল, তাকেসহ, যার ফলে তারা এটা করতে পেরেছে। পরপর দুইবার জেতা সহজ নয়। পরের মৌসুমের জন্য শুধু মাঠে নেমে পড়াটা সহজ নয়, ‘ওহ, আমরা আবার করব’—এই ভেবে বসে থাকাও সহজ নয়। লক্ষ্য নতুন করে ঠিক করতে হয়। প্রেরণা এবং চালিকাশক্তি নতুন করে ঠিক করতে হয়। কোহলির তো তাড়নার কোনো কমতি কখনোই নেই। আছে কি?”
২০১৪ সালের দা ওপেন চ্যাম্পিয়নশিপ জয়ের পর বছরের পর বছর আর মেজর টুর্নামেন্ট জিততে পারছিলেন না ম্যাকইলরয়। পরে সেই খরা ঘুচিয়ে ২০২৫ সালের মাস্টার্স টুর্নামেন্ট জিতে নেন তিনি। সেই শিরোপা ধরে রাখেন এই বছরও।