১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডের সফলতম কোচ এখন ভারতের ঘরোয়া ক্রিকেটে

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাসহ নিউ জিল্যান্ডকে অনেক সাফল্য এনে দেওয়া কোচ দায়িত্ব নিলেন ভারতের রাঞ্জি ট্রফির দলের।

নিউ জিল্যান্ডের সফলতম কোচ এখন ভারতের ঘরোয়া ক্রিকেটে
নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন গ্যারি স্টেড। ছবি: ব্ল্যাক ক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 05:08 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

নিউ জিল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর গ্যারি স্টেড বলেছিলেন, কিছুদিন বিশ্রাম নিতে চান। তবে সেই বিরতি খুব দীর্ঘ হলো না তার। নতুন চ্যালেঞ্জ নিলেন তিনি দ্রুতই। ভারতের রাঞ্জি ট্রফির দল আন্ধ্রা প্রদেশের প্রধান কোচের দায়িত্ব নিলেন নিউ জিল্যান্ডের ইতিহাসের সফলতম কোচ।

আপাতত ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমের জন্যই আন্ধ্রার সঙ্গে চুক্তি স্টেডের। দলটির সাবেক কোচ সাবেক ভারতীয় পেসার টিনু ইয়োহানান যোগ দিয়েছেন এমআরএফ পেস ফাউন্ডেশনে।

গত এপ্রিলে নিউ জিল্যান্ডের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্টেড। মাস দুয়েক পর তিনি জানান, লাল বলের দলের কোচ হিসেবেও চুক্তি আর নবায়ন করবেন না।

খেলোয়াড়ি জীবনে নিউ জিল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলা স্টেডের কোচিং ক্যারিয়ার সাফল্যে ভরা। তার কোচিংয়ে ২০০৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে নিউ জিল্যান্ডের নারী দল। 

নিউ জিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর প্লাঙ্কেট শিল্ডে ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে তার কোচিংয়ে তিনবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হয় ক্যান্টারবুরি। 

২০১৮ সালে দায়িত্ব নেন তিনি নিউ জিল্যান্ডের ছেলেদের দলের। পরের সময়টা ছিল কিউইদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাফল্যমণ্ডিত সময়।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠে নিউ জিল্যান্ড হেরে যায় স্রেফ বাউন্ডারি কম মারার হিসেবে। ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে কিউইরা, যেটিকে মনে করা হয় তাদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য। 

এছাড়াও স্টেডের কোচিংয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলে নিউ জিল্যান্ড। গত বছর ভারতে গিয়ে তাদেরকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় কিউইরা। 

এবার আন্তর্জাতিক ক্রিকেটের প্রবল চাপে লড়তে হবে না স্টেডকে। তবে বড় আশা নিয়েই তাকে নিয়োগ দিয়েছে আন্ধ্রা। গত মৌসুমে রাঞ্জি ট্রফিতে সাত ম্যাচের স্রেফ একটি জিতে গ্রুপে ষষ্ঠ হয়েছিল দলটি। ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে তারা খেলতে পারেনি নকআউট পর্বে, প্রিলিমিনারি কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে যায় ২০ ওভারের ক্রিকেট আসর সৈয়দ মুশতাক আলি ট্রফি থেকে।

তিন সংস্করণেই এবার দল সামলাবেন স্টেড। আন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামাজিক মাধ্যমে লিখেছে, “তার তত্ত্বাবধানে এই মৌসুমে আরও বড় মাইলফলক ও শীর্ষ মানের পারফরম্যান্সের লক্ষ্যে নতুন যুগে প্রবেশ করছে আন্ধ্রা ক্রিকেট।”