Published : 04 Oct 2025, 10:32 AM
এই বছরের ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্ট শেষ হওয়ার স্রেফ এক মাস পেরিয়েছে মোটে। হতাশার মৌসুম পেছনে ফেলে এখনই নতুন স্বপ্নের ছবি আঁকছে লন্ডন স্পিরিট। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট আসরের দলটিতে জাস্টিন ল্যাঙ্গারের বদলে কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ ফ্লাওয়ার নতুন এই চ্যালেঞ্জে সঙ্গী হিসেবে পাচ্ছেন পুরোনো এক নির্ভরযোগ্য সঙ্গীকে। লন্ডন স্পিরিটের ক্রিকেট পরিচালকের দায়িত্বে কিছুদিন আগেই কাজ শুরু করেছেন মো বোবাট।
ফ্লাওয়ার যেমন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন লিগে কাঙ্ক্ষিত কোচদের একজন, বোবাটকে তেমনি মনে করা হয় এই সময়ের ক্রিকেটের সবচেয়ে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কগুলোর একটি। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বহু কাঙ্ক্ষিত প্রথম ট্রফি জয়ের নেপথ্য নায়কও তারা দুজনই। সেখানেও কোচ ফ্লাওয়ার, ‘ডিরেক্টর অব ক্রিকেট’ বোবাট।
দা হান্ড্রেড টুর্নামেন্টের এখনও পর্যন্ত পাঁচ মৌসুমের প্রতিটিতেই ট্রেন্ট রকেটসের কোচ ছিলেন ফ্লাওয়ার। তার কোচিংয়ে ২০২২ আসরে শিরোপা জয় করে দলটি, এবার হয় রানার্স আপ। তাকে নতুন দলে নিয়ে আসার মূল নিয়ামক বোবাট। তিনি ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়ে ল্যাঙ্গারের সঙ্গে চুক্তি নবায়ন না করে রাজি করান ফ্লাওয়ারকে।
লন্ডন স্পিরিটে আসার পর বোবাট বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজিতে বিশেষ কিছু করতে চান তিনি। এবার ফ্লাওয়ারকে পেয়ে তার সেই স্বপ্নে নতুন রঙ লেগেছে।
“আমাদের ছেলেদের দলের প্রধান কোচ হিসেবে অ্যান্ডিকে নিশ্চিত করতে পেরে আমি উচ্ছ্বসিত। অতীতেও তার সঙ্গে কাজের পোক্ত বন্ধন উপভোগ করেছি এবং লন্ডন স্পিরিটের নতুন ও রোমাঞ্চকর অধ্যায়েও আমরা বিশেষ করে গড়ে তুলতে মুখিয়ে আছি।”
বোবাটের সঙ্গে নতুন চ্যালেঞ্জে সঙ্গী হতে পেরে ফ্লাওয়ারের উচ্ছ্বাসও পরিস্কার ফুটে উঠল তার প্রতিক্রিয়ায়।
“ট্রেন্ট রকেটসে পাঁচ মৌসুম কাটাতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং স্পিরিটে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত। এমন আইকনিক ভেন্যু ও সংগঠনের অংশ হতে পারা সত্যিকারের সৌভাগ্য। মো বোবাটের সঙ্গে আবার কাজ করতে পেরে এবং এমসিসি ও টেক টাইটান্সের হয়ে প্রথমবার কাজ করার সুযোগ পেয়ে আমি শিহরিত।”
লন্ডন স্পিরিটের ঘরের মাঠ ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডস, দলটির মূল মালিকানা এমসিসির। আগে শতভাগ মালিকানাই ছিল এমসিসির। তবে সম্প্রতি ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে সিলিকন ভ্যালির কনসোর্টিয়াম ‘টেক টাইটান্স’, যেখানে আছে গুগল, মাইক্রোসফট, ইউটিউব, অ্যাডোবের মতো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।
পাঁচ আসরে একবার কেবল প্লেঅফ খেলতে পেরেছে লন্ডন স্পিরিট। দুবার শেষ করেছে তারা সবচেয়ে তলানিতে, দুবার তলানি থেকে দুইয়ে। মালিকানায় এই পরিবর্তন আসার পর দলটিকে ঢেলে সাজানো হচ্ছে।