Published : 14 Aug 2025, 06:11 PM
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে এমনিতেও দলে ভূমিকা রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি দায়িত্ব নিতে চান অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাই এখন পাওয়ারপ্লেতে বোলিংয়ের দক্ষতা বাড়ানোয় মনোযোগী তিনি।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। উপমহাদেশের উইকেটগুলো সাধারণত স্পিনসহায়ক হয়ে থাকে, তা খুব ভালো করেই জানেন ম্যাক্সওয়েল। তাই ওই কন্ডিশনে নতুন বল হাতে দলে অবদান রাখতে ঘাম ঝরাচ্ছেন তিনি।
পাওয়ারপ্লেতে বোলিং করা অবশ্য একেবারেই নতুন কিছু নয় ম্যাক্সওয়েলের জন্য। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শার্মাকে ড্রেসিং রুমে ফেরান তিনি। ম্যাচটি ৬ উইকেটে জিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তোলে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই নতুন বলে হাত ঘুরাতে দেখা যায় ম্যাক্সওয়েলকে। অফ স্পিনে দারুণ অবদানও রাখেন তিনি। প্রথম ম্যাচে পঞ্চম ওভারে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে ফিরিয়ে দেন। আর দ্বিতীয়টিতে পঞ্চম ওভারে তার শিকার প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ও সপ্তম ওভারে প্রিটোরিয়াস।
নতুন বলে এখন পর্যন্ত ভালোই করে যাচ্ছেন ম্যাক্সওয়েল। তবে নতুন এই ভূমিকায় আরও বেশি কার্যকর হতে চান তিনি।
“আমার মনে হয়, স্পিনার হিসেবে উপমহাদেশে শুরুর দিকেই (উইকেট থেকে) আরও বেশি সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে, নতুন বলে, যখন বলের সিম শক্ত থাকে… তাই এটা এমন একটা বিষয়, যেটা নিয়ে সামনের পথচলার জন্য সম্ভবত ভাবা যেতে পারে।”
“উইকেট পেলে আমি অন্যদের মতোই অবাক হই। উইকেট পেতে আমার ভালো লাগে। যখনই কাউকে আউট করি, তখন এটা খুবই অবাক লাগে। পাওয়ারপ্লেতে একটা দায়িত্ব আছে আমার এবং আমি যতটা সম্ভব তা কার্যকর করার চেষ্টা করছি।”
আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।