Published : 19 Mar 2026, 10:30 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্রেফ ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন পল স্টার্লিং। এই সংস্করণে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন দেশটির অভিজ্ঞ ওপেনার।
টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বৃহস্পতিবার দেন ৩৫ বছর বয়সী স্টার্লিং। তবে ওয়ানডেতে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব করে যাবেন তিনি।
স্থায়ীভাবে ২০২৩ সালে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের নেতৃত্ব পান স্টার্লিং। অ্যান্ডি বালবার্নির স্থলাভিষিক্ত হন তিনি। সব মিলিয়ে, আইরিশদের ৪৮ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন স্টার্লিং। যেখানে ২০টিতে জিতে দল, হারে ২৬টিতে।
তার অধিনায়কত্বে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে আয়ারল্যান্ড। দুটিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। এবারের বিশ্বকাপে পাঁচ দলের গ্রুপে চতুর্থ হয় দলটি, জিততে পারে কেবল একটি ম্যাচ।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে দলের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি স্টার্লিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি। পরে ব্যাটিংয়ে নামলেও এক বল খেলার পর, রিটার্ড হার্ট হয়ে উঠে যান ডানহাতি ব্যাটসম্যান।
স্টার্লিংয়ের স্থলাভিষিক্ত কে হবেন, সেটা এখন ঘোষণা করেনি ক্রিকেট আয়ারল্যান্ড। তবে নেতৃত্বভার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন কিপার-ব্যাটসম্যান লর্কান টাকার। স্টার্লিংয়ের ডেপুটি ছিলেন তিনি। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ দলকে নেতৃত্ব দেন টাকার। হ্যারি টেক্টরও হতে পারেন বিকল্প।
দায়িত্ব ছাড়ার ঘোষণায় স্টার্লিং বলেন, নতুন অধিনায়ককে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত তিনি।
“ক্রিকেটার হিসেবে এখনও আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। আর এই সিদ্ধান্ত (নেতৃত্ব ছাড়ার) আমাকে নিজের সেরা অবস্থায় ফিরতে এবং মাঠে সর্বোচ্চ অবদান রাখতে সাহায্য করবে।”
“মনে হচ্ছে, দলের নতুন অধ্যায় শুরু করার এখনই সঠিক সময়। পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক যেই হোক, তার সাফল্য কামনা করছি। তারা আমার পূর্ণ সমর্থন পাবে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”
আগামী জুনে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। নতুন অধিনায়কের পথচলা শুরু হবে এই সিরিজ দিয়ে।
আইসিসি ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, সামনে নিজেদের আঙিনায় নিউ জিল্যান্ড (একটি টেস্ট), বাংলাদেশ (তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি), আফগানিস্তানের (একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি) বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড।
আগামী সপ্তাহের মধ্যে আসছে ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি ঘোষণা করার কথা আইরিশ বোর্ডের।