Published : 07 Nov 2025, 01:37 PM
লম্বা সময় পর ফিরেই আবার বিরতি। নিউ জিল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরে আবার বাইরে চলে গেলেন কেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে না অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে দেশের সিরিজে বেছে বেছে খেলেন উইলিয়ামসন। গত কয়েক মাসে দেশের অনেক ম্যাচেই তাকে দেখা যায়নি। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয় তার।
তবে এবার তার না থাকার কারণটা একটু ভিন্ন। কুঁচকির চোট থেকে সেরে উঠছেন তিনি। তবে তাকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবেচনা না করার মূল কারণ, টেস্ট সিরিজের প্রস্তুতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হবেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা ম্যাট হেনরি ফিরছেন ওয়ানডেতে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটও পেয়েছিলেন নিউ জিল্যান্ডের পেস আক্রমণের মূল অস্ত্র।
ইংলিশদের বিপক্ষে ওই সিরিজে চোট পাওয়া কাইল জেমিসনের বদলে জায়গা পেয়েছিলেন ব্লেয়ার টিকনার। এবার জেমিসন ফিরেছেন দলে, তার পরও রয়ে গেছেন টিকনার। আড়াই বছর পর দলে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে আট উইকেট নিয়েছেন টিকনার। তাকে বাদ দেওয়া কঠিনই ছিল!
চোটের কারণে যথারীতি একগাদা ক্রিকেটারকে এই সিরিজেও পাচ্ছে না কিউইরা। নানা চোটে মাঠের বাইরে আছেন অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও মোহাম্মাদ আব্বাস, ওপেনার ফিন অ্যালেন, ফাস্ট বোলার লকি ফার্গুসন, অ্যাডাম মিল্ন, উইল ও’রোক, বেন সিয়ার্স।
ক্যারিবিয়ানদের সঙ্গে কিউইদের টি-টোয়েন্টি সিরিজ এখন চলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১৬ নভেম্বর।
নিউ জিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।