১২ বছরে প্রথমবার ‘বাদ পড়তে পারেন’ লায়ন
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, সম্ভাব্য সবকিছু বিবেচনায় রেখেছেন তারা।
চোট সমস্যা ছাড়া গত এক যুগ ধরে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশের বাইরে থাকতে হয়নি ন্যাথান লায়নকে। কিন্তু এবার ফিট থাকলেও এই অভিজ্ঞ এই অফ স্পিনারের বাদ পড়ার শঙ্কা জেগেছে। অধিনায়ক প্যাট কামিন্স আভাস দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে নাও খেলতে পারেন লায়ন।
স্যাবাইনা পার্কের কন্ডিশনে গোলাপি বলের লড়াইয়ে একাদশের ভারসাম্য নিয়ে কিছুটা চিন্তিত অস্ট্রেলিয়া। তাই লায়নকে বাদ দিয়ে এই ম্যাচে একজন বাড়তি পেসার খেলানোর বিষয়টি একেবারে উড়িয়ে দেননি কামিন্স।
২০২৩ সালের অ্যাশেজে পায়ের পেশিতে চোট পাওয়ায় তিনটি টেস্ট খেলতে পারেননি লায়ন। ২০১৩ সালের পর থেকে ওই এক দফায়ই একাদশের বাইরে থাকতে হয়েছে তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পেসাররা আধিপত্য দেখালেও প্রথম দুই ম্যাচে খেলেছেন লায়ন। ভালো করেছেন তিনি, ১৮.৩৩ গড়ে নিয়েছেন ৯ উইকেট। টেস্টে তার উইকেট এখন ৫৬২টি। এই সংস্করণে অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি এখন তৃতীয় স্থানে। দুইয়ে থাকা গ্লেন ম্যাকগ্রা থেকে একটি উইকেট কম।
দিন-রাতের টেস্টেও বল হাতে দুর্দান্ত লায়ন। এখন পর্যন্ত ৪৩ উইকেট নিয়েছেন তিনি ২৫.৬২ গড়ে, যা তার সামগ্রিক টেস্ট গড়ের (৩০.১৪) চেয়ে ভালো।
তবে গত মৌসুমে ভারতের বিপক্ষে অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে কেবল এক ওভার বোলিং করেন লায়ন। আর ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে দিন-রাতের হোবার্ট টেস্টে বোলিংই করতে হয়নি তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচ ঘরের বাইরে অস্ট্রেলিয়ার প্রথম দিবা-রাত্রির টেস্ট। শনিবার মাঝরাতে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগের দিন কামিন্সের সংবাদ সম্মেলনে প্রশ্ন এলো একাদশে লায়নের থাকা নিয়ে। কৌতুহল জাগিয়ে রেখে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, যেকোনো কিছু হতে পারে।
“আমার মনে হয়, সবকিছুই বিকল্প হতে পারে। সত্যি বলতে, আমরা (একাদশ নিয়ে) এখনও সিদ্ধান্ত নেইনি… আজকে এটা নিয়ে ভাবব।”
তিনটি দিন-রাতের টেস্ট খেলে স্কট বোল্যান্ড এখন পর্যন্ত ১৬.৭৫ গড়ে নিয়েছেন ১২ উইকেট। জ্যামাইকা টেস্টে লায়নের জায়গায় এই পেসারকে খেলাতে পারে অস্ট্রেলিয়া।
