১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টিকনারের স্বপ্নময় প্রত্যাবর্তনে দুঃস্বপ্নের হানা

প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে চার উইকেট নেওয়ার দিনেই আবার ছিটকে গেলেন নিউ জিল্যান্ডের পেসার।

টিকনারের স্বপ্নময় প্রত্যাবর্তনে দুঃস্বপ্নের হানা
এভাবেই মাঠ ছাড়তে হয় টিকনারকে। ছবি: ভিডিও থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দিনেই চার উইকেট। গতি, বাউন্স আর সুইংয়ের মিশেলে দুর্দান্ত বোলিং। দলের সেরা পারফরমার। সব মিলিয়ে ফেরার দিনটি রঙিন করে তুলেছিলেন ব্লেয়ার টিকনার। কিন্তু সেটিই পরে রূপ নিল বিষাদে। ফিল্ডিংয়ে চোট নিয়ে স্ট্রেচারে করে বাইরে যাওয়ার পর ম্যাচ থেকেও একরকম ছিটকে গেলেন নিউ জিল্যান্ডের এই পেসার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়েলিংটন টেস্টে আর বোলিং ও ফিল্ডিং করতে পারবেন না টিকনার। অতি জরুরি কিছু না হলে তার ব্যাটিংয়ের সম্ভাবনাও খুবই সামান্য। 

নিউ জিল্যান্ডের প্রথম পছন্দের চার পেসারের অনুপস্থিতিতে এই টেস্টে সুযোগ পান টিকনার। টেস্টের প্রথম দিনে বুধবার চতুর্থ পেসার হিসেবে আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩২ বছর বয়সী পেসার। শুরুর জুটি ভাঙার পাশাপাশি ক্যারিবিয়ান ব্যাটারদের ভুগিয়ে উইকেট নেন চারটি।

কিন্তু গোলমাল হয়ে যায় ফিল্ডিংয়ে। ৬৭তম ওভারে ফাইন লেগে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডাইভ দিয়ে আর উঠতে পারেননি তিনি। ওভাবেই পড়ে থাকেন মাঠে। ছুটে যান সতীর্থরা। মেডিকেল টিম মাঠে আসে। একটু পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই পেসার। পরে জানা যায়, কাঁধে চোট পেয়েছেন তিনি।

কাঁধের হাড় নড়ে গিয়েছে বলে ধারণা করা হয়েছিল তখনই। পরদিন নিউ জিল্যান্ড ক্রিকেট বিবৃতিতে জানায়, এই ম্যাচ থেকে মোটামুটি ছিটকেই গেছেন টিকনার। আরও বিশেষজ্ঞ দেখানোর পর বোঝা যাবে, কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তিনি।

গত টেস্টে ক্রাইস্টচার্চে ম্যাচের মাঝে দুই পেসারের চোটের কারণে বেশ ভুগতে হয়েছে নিউ জিল্যান্ডকে। এবারও একজন বোলার কমে গেল তাদের। 

এই টেস্টে নিউ জিল্যান্ডের অনভিজ্ঞ পেস আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন তিন টেস্ট খেলা টিকনারই। বাকি তিন পেসারের দুজন খেলেছেন দুটি করে টেস্ট, একজনের হয়েছে অভিষেক।

গত অক্টোবরে আড়াই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরেও প্রথম দুই ম্যাচেই টিকনার চারটি করে উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এখন আবার তার ফেরার লড়াই শুরু হচ্ছে।