Published : 11 Jun 2026, 01:02 PM
ইংল্যান্ডের হয়ে কি শেষবার খেলে ফেলেছেন বেন স্টোকস? প্রশ্নটি এখন উঠতে শুরু করেছে জোরেসোরেই। তবে নাসের হুসেইনের চাওয়া, এমন কিছু যেন না হয়। জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়কের কাতর অনুরোধ, আবেগপ্রবণ হয়ে যেন এমন সিদ্ধান্ত না নিয়ে ফেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
নাইটক্লাব কাণ্ডে এর মধ্যেই প্রাথমিক শাস্তি পেয়েছেন স্টোকস। তাকে ও গাস অ্যাটকিনসনকে বাদ দেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াড থেকে। নিশ্চিতভাবেই শাস্তির শেষ নয় এখানেই। আরও বড় শাস্তি অপেক্ষায় আছে তাদের। স্টোকসের নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। শাস্তি হতে পারে আরও।
তবে হুসেইনের মতে, নেতৃত্ব হারানোর মতো অপরাধ করেননি স্টোকস। স্কাই স্পোর্টসের পডকাস্টে তিনি মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের জন্য এই অলরাউন্ডারের অবদান।
“বেন স্টোকস ইংল্যান্ডে জন্য অনেকবারই অনেক কিছু করেছে। সে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে, ক্রিকেটার হিসেবেও দলের সেরা মুহূর্তগুলোয় সে ছিল উজ্জ্বল – ৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ।”
“ইংল্যান্ডের জন্য সে একজন যোদ্ধা। এবার সে ভুল করেছে অবশ্যই - মারাত্মক ভুল করেছে। তবে আমার মনে হয় না, এটা বরখাস্ত করার মতো অপরাধ।”
এই আলোচনার স্রোতে আছে ভিন্ন গুঞ্জনও। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ব্যাপারটি যেভাবে সামলেছে, তাতে বিরক্ত হয়ে অবসর নিয়ে ফেলতে পারেন স্টোকস, এমন খবরও এসেছে সংবাদ মাধ্যমে।
সেই শঙ্কাটি দেখছেন হুসেইনও। এজন্যই তার চাওয়া, স্টোকস যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন।
“বেন এই মুহূর্তে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি শুধু আশা করব সে যেন যেন এমনটা না ভাবে যে, ‘আমি এত মানুষকে হতাশ করেছি যে অবসর নিতে ফেলব। আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়ে অবসর ঘোষণা করে দেব।’ এসব যেন সে না ভাবে। কারণ আমার মনে হয়, ইংল্যান্ডের সেরাদের একজনের জন্য এরকম সমাপ্তি হবে দুঃখজনক।”
“ইংল্যান্ডের সেরাদের একজনের এভাবে বিদায় নেওয়া উচিত হবে না। এর চেয়ে ভালো কিছু তার প্রাপ্য। বেন স্টোকসকে যদি এটাই শেষবার দেখা হয়ে থাকে, তবে আমার খারাপ লাগবে - আমি সত্যিই আশা করব, যেন এমনটা না হয়।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর নাইটক্লাবে ঝামেলা পাকিয়ে খবরের শিরোনামে উঠে আসেন স্টোকস ও অ্যাটকিনসন। ওই ঘটনায় তারা দলের কারফিউ ভঙ্গ করেছেন বলে বিবৃতিতে জানিয়েছিল ইসিবি। রাগবি ইউনিয়নের ক্লাব সারাসেন্স এফসির সামোয়ান খেলোয়াড় টোটোয়া ওভার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এই ঘটনায় ইংল্যান্ডের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।