০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যুব ক্রিকেট বিশ্বকাপে খেলা অলরাউন্ডার রাগবি বিশ্বকাপের ফাইনালে

দুটি ভিন্ন খেলার বিশ্বকাপে একই দেশের প্রতিনিধিত্ব করার বিরল নজির গড়েছেন রাইলি নর্টন।

যুব ক্রিকেট বিশ্বকাপে খেলা অলরাউন্ডার রাগবি বিশ্বকাপের ফাইনালে
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা রাইলি নর্টন এখন অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অপেক্ষায়। ছবি: আল্টিমেট রাগবি এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

দক্ষিণ আফ্রিকার হয়ে রাইলি নর্টনের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলার এখনও দেড় বছর পূর্ণ হয়নি। সেই তিনি এখন অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অপেক্ষায়! তার নেতৃত্বেই শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।  

গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ওই টুর্নামেন্ট থেকেই উঠে আসেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও দলটির হয়ে এরই মধ্যে তিন সংস্করণে খেলে ফেলা পেসার কিউনা মাফাকার মতো ক্রিকেটার।

বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা, ভারত ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দিয়ে যুব ওয়ানডে অভিষেক হয় নর্টনের। বিশ্বকাপে ৫ ম্যাচে ১১ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার। আসরে দক্ষিণ আফ্রিকার হয়ে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেন শুধু মাফাকা, ২১টি। ৩ ম্যাচে ব্যাট করে নর্টন আউট হন কেবল একবার। 

সুপার সিক্স পর্বে তিনি আট নম্বরে নেমে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। তাতে ৬ উইকেটে ১৩৩ থেকে ৮ উইকেটে ২৩২ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। পরে বল হাতে ২৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে দলকে সেমি-ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। 

সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। তখন নর্টনের বয়স ছিল ১৮ বছর। তখন থেকে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অথবা কোনো ধরনের পেশাদার ক্রিকেটে তিনি খেলেননি। ৮টি যুব ওয়ানডেতে ৩৮.৬৭ গড়ে তার রান ১১৬ ও ২২.২৩ গড়ে উইকেট ১৩টি।

ক্রিকেট থেকে নর্টন নিজের অবস্থান তৈরি করেছেন রাগবিতে। ইতালিতে চলমান অনূর্ধ্ব-২০ রাগবি চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তিনি।

তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ২০১২ আসরে চ্যাম্পিয়ন ও ২০১৪ সালে রানার্সআপ হয়েছিল তারা। মোট ১৫ আসরের মধ্যে ১৩ বারই শেষ চারে জায়গা করে নিয়েছে তারা, যা রেকর্ড।

এবারের আসরে অস্ট্রেলিয়াকে ৭৩-১৭ পয়েন্টে হারিয়ে অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩২-২২ ও স্কটল্যান্ডকে ৭৩-১৪ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় তারা। শেষ চারে গত মঙ্গলবার আর্জেন্টিনাকে ৪৮-২৪ পয়েন্টে হারিয়ে তারা নিশ্চিত করে ফাইনালের টিকেট।

আগামী রোববার ফাইনালে নর্টনরা খেলবেন রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে। 

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটারদের আন্তর্জাতিক রাগবিতে খেলার নজির অতীতে দেখা গেছে। তবে এই দুই খেলারই বিশ্বকাপে একই দেশের প্রতিনিধিত্ব করা কিছুটা বিরলই বটে।

সিনিয়র পর্যায়ে এই কীর্তি আছে নামিবিয়ার রুডি ফন ফুরেনের। এই পেসার খেলেছিলেন ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট। নামিবিয়ার হয়ে বিশ্বকাপের ম্যাচে ৫ উইকেট নেওয়া এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার তিনি। একই বছর তিনি খেলেছিলেন রাগবি বিশ্বকাপেও। যদিও দুই আসরে এক ম্যাচও জিততে পারেনি নামিবিয়া।

এখন পর্যন্ত সিনিয়র পর্যায়ে পুরুষদের ক্রিকেট ও রাগবি দুটি বিশ্বকাপেই খেলা একমাত্র খেলোয়াড় ফন ফুরেন। ১৯৯৯ রাগবি বিশ্বকাপেও খেলেছিলেন তিনি।