Published : 12 Mar 2026, 09:17 PM
দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সংগঠন— এমটবের সভাপতি নির্বাচিত হয়েছেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা।
বুধবার এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন হয়।
তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এমটবের সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বাংলালিংকের সিইও ইয়োহান বুসে এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। পরিচালক নির্বাচিত হয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী।
এমটব মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার সভাটি সঞ্চালনা করেন।
সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও ছিলেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিসের (বাংলাদেশ) সিইও উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম লুৎফুল্লাহিল মজিদ।
নতুন দায়িত্ব প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, “এমন সময়ে এমটবের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়ে আমি অভিভূত, যখন মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
“এই শিল্প দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং আমরা একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা এই খাতের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই।”