১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যালায়েন্স হাসপাতালে উচ্চঝুঁকির গর্ভাবস্থা ব্যবস্থাপনা নিয়ে সিএমই

সেমিনারে উচ্চঝুঁকির গর্ভাবস্থায় সম্ভাব্য জটিলতা শনাক্তকরণ, সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, রোগীর ঝুঁকি মূল্যায়ন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 10:05 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার অ্যালায়েন্স হাসপাতালে উচ্চঝুঁকির গর্ভাবস্থা ব্যবস্থাপনা নিয়ে অব্যাহত চিকিৎসা শিক্ষা (সিএমই) সেমিনার হয়েছে।

রোববার হাসপাতালের চতুর্থ তলায় ‘উচ্চঝুঁকির গর্ভাবস্থার ব্যবস্থাপনা: চ্যালেঞ্জের মাঝে সম্ভাবনার নতুন দিগন্ত’ শীর্ষক এ সেমিনার হয়।

হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে উচ্চঝুঁকির গর্ভাবস্থায় সম্ভাব্য জটিলতা শনাক্তকরণ, সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, রোগীর ঝুঁকি মূল্যায়ন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

গর্ভাবস্থায় জটিলতা দেখা দিলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্বও আলোচনায় তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতৃ ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মধ্যে নিয়মিত জ্ঞান বিনিময় ও অব্যাহত চিকিৎসা শিক্ষা গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতেও চিকিৎসকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সেমিনার ও বৈজ্ঞানিক আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে অ্যালায়েন্স হাসপাতাল।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. খন্দকার শেহনিলা তাসনিম বিশেষজ্ঞ আলোচক হিসেবে সেমিনারে বক্তব্য দেন। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাহফুজুল ইসলাম এবং পরিচালক মো. বায়েজীদ হোসেন সেমিনারে উপস্থিত ছিলেন।