জার্মানিতে খাদ্যপণ্যের মেলায় ‘প্রাণ’
প্রাণের স্টলে বিস্কুট, কনফেকশনারি, কোমল পানীয়, কালিনারিসহ পাঁচ শতাধিক পণ্য রয়েছে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
জার্মানির কোলন শহরে শুরু হওয়া ফুড ও বেভারেজ মেলায় অংশ নিয়েছে দেশের খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক কোম্পানি ‘প্রাণ’।
ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য অঞ্চলে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ‘আনুগা-২০২৫’ শীর্ষক বিশ্বের বৃহৎ এই মেলায় অংশ নেওয়ার বিষয়টি প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৪ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ মেলায় শতাধিক দেশ থেকে প্রায় ৮ হাজার কোম্পানি অংশ নিয়েছে।
মেলায় প্রায় ২০০টি দেশের ১ লাখ ৪০ হাজারেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি নতুন পণ্য ও উদ্ভাবন খুঁজতে একত্রিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণের স্টলে বিস্কুট, কনফেকশনারি, কোমল পানীয়, কালিনারিসহ পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমাদের লক্ষ্য প্রাণ পণ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়া। এক্ষেত্রে ‘আনুগা’ মেলা বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। ইউরোপের বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণের পণ্য বাড়ানো এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ।”
বর্তমানে প্রাণ গ্রুপের পণ্য ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় প্রাণ-আরএফএল গ্রুপ টানা ২১ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার লাভ করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
