Published : 26 Aug 2025, 09:25 PM
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৮ কোটি ৬৩ লাখ টাকা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
মঙ্গলবার ইউনিলিভারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা দিয়েছে।
সব মিলিয়ে দুই প্রতিষ্ঠান দিয়েছে মোট ৮ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, যা তাদের আইনগত দায়বদ্ধতার অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা পড়েছে।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সচিব এ এইচ এম শফিকুজ্জামানের কাছে চেক দুটি হস্তান্তর করা হয়।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এস ও এম রাশেদুল কাইউম এবং করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা।