Published : 26 Aug 2025, 09:53 PM
বস্ত্র ও পলিমার শিল্পে নতুন দিগন্ত উন্মোচনে ঢাকায় বসেছে ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিএফপি ২০২৫’।
সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের আয়োজনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহযোগিতায় মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স ক্যাম্পাসে এ সম্মেলনের দ্বিতীয় আসর শুরু হয়।
দুদিনব্যাপী এই সম্মেলন প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক এম এ বারিকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব সায়েন্স টোকিওর শিক্ষক অধ্যাপক তাকেশি কিকুতানি, যুক্তরাষ্ট্র ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল শাওয়ার, এম্পার (সুইজারল্যান্ড) রুডলফ হুফেনাস, থাইল্যান্ডের অধ্যাপক সুয়াবন চিরাচেনচাই, সিঙ্গাপুরের অধ্যাপক সীরাম রামকৃষ্ণ, কোরিয়ার অধ্যাপক হান ইয়ং, জাপান টেক্সটাইল মেশিনারি সোসাইটির সভাপতি অধ্যাপক শুইচি তানোউয়ে এবং অধ্যাপক কোজি নাকানে।
এছাড়া বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. জুলহাস উদ্দিন, আইএসইউ’র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ইইউবির অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমানসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, শিল্প উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
অধ্যাপক এম এ বারিক বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার খাতকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে এই সম্মেলন ‘বড় ভূমিকা’ রাখবে।
“চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে ফাইবার ও পলিমার বিজ্ঞান এখন শুধু বস্ত্রেই সীমাবদ্ধ নয়; বরং চিকিৎসা, পরিবেশ সুরক্ষা, মহাকাশ গবেষণা ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে স্থানীয় গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। এতে টেক্সটাইল ও পলিমার শিল্পে নতুন গবেষণা, উদ্ভাবন ও সহযোগিতার দ্বার উন্মুক্ত হবে।
সম্মেলনে টেকসই বস্ত্র, পরিবেশবান্ধব ফাইবার, ইলেকট্রনিক ফাইবার, চিকিৎসাবিষয়ক বস্ত্র, ন্যানো ফাইবার, পুনর্ব্যবহৃত ফাইবার, মসলিন, জিওটেক্সটাইলস, কার্বন ফাইবার, কাচের ফাইবার, স্পিনিং, বয়ন, কেমিক্যাল প্রসেসিং, ফাইবার তৈরির পলিমার, ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য, ফাইবার কম্পোজিটস, তৈরি পোশাক (আরএমজি) ও শিল্পের সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।