১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের ‘স্টার্টআপ ভেঞ্চারে’ মার্কেন্টাইল ব্যাংকের বিনিয়োগ

এই উদ্যোগ দেশের ‘স্টার্টআপ ইকোসিস্টেমকে’ শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 05:51 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠন হতে যাওয়া ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানিতে’ ১০ কোটি ২ লাখ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক।

স্টার্টআপ বিনিয়োগ উদ্যোগটির গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার কাছে চেকটি হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. জাহিদ হোসেন।

এসময় এসএমই ফাইনান্সিং বিভাগের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক দেশের ‘স্টার্টআপ ইকোসিস্টেমকে’ শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে এবং দেশের ‘টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অবদান রাখবে’ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে ‘স্টার্টআপ বিনিয়োগ’ বিষয়ক একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে বলেও জানানো হয়েছে।