১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুদের জন্য ‘কর্নস্টার্চ’ পাউডার আনল লিলি

“প্রাথমিকভাবে দেশের সকল হারল্যান স্টোরসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এই পাউডার পাওয়া যাবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 01:19 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

শিশুদের জন‌্য দেশের ‘প্রথম’ কর্নস্টার্চ পাউডার বাজারে আনার কথা বলেছে রিমার্কের ব্র্যান্ড লিলি লিটল ওয়ান।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি বলেছে, পর্যাপ্ত সময় নিয়ে গবেষণার মাধ‌্যমে আমেরিকান ফর্মুলেশনে তৈরি এই পাউডার শিশু বিশেষজ্ঞদের ‘ছাড়পত্র’ পেয়েছে।

“গবেষণায় তৈরি শিশুর জন‌্য শতভাগ নিরাপদ ভুট্টা থেকে উৎপাদিত কর্নস্টার্চ পাউডার। যা ক্ষতিকর ট‌্যাল্কের বিপরীতে একটি আদর্শ সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের অন‌্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী রিমার্ক এইচবি লিমিটেড এর ব্রান্ড লিলি লিটল ওয়ান আমেরিকার বেঞ্চমার্ক কসমেটিকস ল‌্যাবরেটরি এবং রিমার্ক নেচার ইঞ্জিনিয়ারিং ল‌্যাবে তিন বছর ধরে গবেষণা করে ভুট্টা থেকে তৈরি করেছে পাউডার। যা বিশ্বব‌্যাপী কর্নস্টার্চ পাউডার হিসেবে স্বীকৃত।

“লিলি লিটল ওয়ানের সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ কর্নস্টার্চ পাউডার আমেরিকা, থাইল‌্যান্ড, পোল‌্যান্ডসহ বিভিন্ন দেশে, বিশ্বের সর্বাধুনিক ল‌্যাবগুলোয় একাধিকবার করে পরীক্ষা করে নিয়ে অবশেষে বাজারে আসার জন্য প্রস্তুত হয়েছে।”

লিলির প্রধান বিপনন কর্মকর্তা এস এ এইচ এম শাহে আলম বলেন, “শিশুর ত্বকের যত্নে লিলি লিটল ওয়ান কর্নস্টার্চ বেবি পাউডার দেশের অন্যসব বেবি পাউডারের চেয়ে নিরাপদ এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত। প্রাথমিকভাবে দেশের সকল হারল্যান স্টোরসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এই পাউডার পাওয়া যাবে।”

২০২০ সাল থেকেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ত্বকের জন্য ক্ষতিকর ট্যালকম পাউডার উৎপাদন ও বিপণন বন্ধ করে দেয়।

লিলি বলছে, বর্তমানে পশ্চিমা দেশগুলোতে কর্নস্টার্চযুক্ত বেবি পাউডার তৈরি ও বাজারজাত হচ্ছে, তবে  বাংলাদেশে এর কোনো পরিবর্তন আসেনি। 

“বাজারে ছড়িয়ে গেছে ক্ষতিকর ট‌্যাল্কযুক্ত পাউডার। চটকদার সব বিজ্ঞাপন ও বিস্তৃত বিপণনে গোপন থেকে যাচ্ছে ট‌্যাল্কের ভয়াবহতা। বিষয়টিকে গুরুত্বে নিয়ে কর্নস্টার্চ এ তৈরি পাউডার বাজারে এনেছে রিমার্কের ব্র্যান্ড লিলি লিটল ওয়ান।”