Published : 06 Nov 2025, 07:49 PM
ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আবুল কালামের স্ত্রী আইরিন আকতার প্রিয়ার হাতে আর্থিক সহায়তার নথি হস্তান্তর করেন বলে ব্যাংক কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম-সিএসআরের অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড থেকে ৫ লাখ টাকা ও মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে অবশিষ্ট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।
আর্থিক সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে আবুল কালামের সন্তান আবদুল্লাহ আবরার (৪ বছর) এবং পারিশা মারিয়াম সুরার (৩ বছর) নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালামের আওতায় প্রতিটি সাড়ে ৭ লাখ টাকা সমমূল্যের দুটি মাসিক মুনাফা জিম্মাদার আমানত হিসাব খোলা হয়, যার প্রাপ্ত মুনাফা থেকে প্রতি মাসে তারা তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় পরিচালনা করতে পারবেন।
গত ২৮ অক্টোবর ফার্মগেট এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মেট্রোরেল স্টেশনের পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান ৩৫ বছর বয়সী আবুল কালাম।