Published : 11 Sep 2025, 09:18 PM
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যস্ততা ও সৃজনশীলতা তৈরিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে লক্ষ্মীপুর ও ফেনীতে।
এর অংশ হিসেবে সম্প্রতি লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই দেওয়া হয়েছে।
আর ফেনী জেলার মধ্যে ফেনী পৌর বালিকা উচ্চ বিদ্যানিকেতন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি, হলি ক্রিসেন্ট স্কুল এবং ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য বই দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর টাউনহল ও ফেনীর জেলা শিল্পকলা একডেমিতে পৃথক দুটি অনুষ্ঠানে এই কর্মসূচি নেওয়া হয় বলে বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বিকাশের ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বইপড়াকে জনপ্রিয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ৮০জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সঙ্গে রয়েছে বিকাশ। কর্মসূচির আওতায় দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৪ লাখ বই বিতরণ করেছে। যার মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে বলে বিকাশ জানিয়েছে।