১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে ‘প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল’

মেলায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আম নিয়ে হাজির হবেন।

রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে ‘প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল’
প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যালের বিষয়ে বুধবার ঢাকার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 06:12 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল’।

তিন দিনের এ উৎসবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আম নিয়ে হাজির হবেন। সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

বুধবার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, দেশে উৎপাদিত সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হবে। উৎসবে বিভিন্ন ধরনের খেলা ও গ্রামীণ ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে। গানের দল ওয়ারফেজ, কণ্ঠশিল্পী ঐশীসহ অন্যান্য শিল্পী গান পরিবেশন করবেন।

তিনি বলেন, “প্রাণ গ্রুপ দেশে আমের সবচেয়ে বড় ক্রেতা। আমরা আমের মৌসুমে চুক্তিভিত্তিক প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো থেকে জুস ও ড্রিংকস তৈরি করে সারাবছর ভোক্তার সামনে নিয়ে আসি।

“প্রাণ দেশে উৎপাদিত আম থেকে বিভিন্ন ধরনের জুস, ড্রিংকস, ম্যাংগো বার ও আচার উৎপাদন করে দেশের পাশাপাশি বিশ্বের প্রায় ১৪৮টি দেশে রপ্তানি করছে। আমাদের লক্ষ্য, বাংলাদেশি পণ্য প্রাণ জুস ও ড্রিংকের মাধ্যমে বিশ্বের প্রতিটি জায়গায় বাংলাদেশের আম পৌঁছে দেওয়া।”

অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড-এএমসিএলের (প্রাণ) হেড অব মার্কেটিং মাহমুদুল হাসান জিসা বলেন, “প্রথমবারের মত আমরা এ ম্যাংগো ফেস্টিভালের আয়োজন করছি। তরুণ প্রজন্মের কাছে এটি যেন উৎসবমুখর হয়ে উঠে, সেজন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের গেমসসহ নানান আয়োজন রাখা হয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।”

সংবাদ সম্মেলনে এএমসিএলের সিনিয়র ম্যানেজার (অপারেশন) মাহাবুব আলম, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার ওমর বিন জুবায়ের এবং প্রাণ বেভারেজ এর সাব অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজিবুল হক তুষার উপস্থিত ছিলেন।