Published : 02 Jun 2026, 09:54 PM
যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম হয়েছে ‘ইউআইইউ মার্স রোভার টিম’।
দলটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর) দ্বারা পরিচালিত।
এই সাফল্যকে বাংলাদেশের জন্য 'গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক' জানিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে 'অনন্য'।
প্রতিযোগিতাটি গেল ২৭ থেকে ৩০ মে যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে 'অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক শ্রেষ্ঠত্ব' প্রদর্শন করে ‘ইউআইইউ মার্স রোভার টিম’ টানা পাঁচবার এশিয়ার প্রথম দল হওয়ার গৌরব অর্জন করেছে বলেও জানানো হয়েছে।
প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব এস অ্যান্ড টি মার্স রোভার ডিজাইন টিম চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয় অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার।
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৬ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বিশ্বের ১১৬টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করে।