Published : 15 Nov 2025, 05:49 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে হয়ে গেল চতুর্দশ ‘কমিউনিকেশন সামিট’।
শনিবার ঢাকার একটি হোটেলে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সৌজন্যে এবং ওয়ালটন গ্রুপের সঞ্চালনায় এ সম্মেলন হয়েছে।
সম্মেলনে দেশের মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং, মিডিয়া, পাবলিক রিলেশনস এবং ক্রিয়েটিভ কমিউনিকেশন খাতের শীর্ষ পেশাজীবীরা অংশ নেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য- ‘কেয়স, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি: রিইমাজিনিং দ্য কমিউনিকেশন ক্যানভাস’।
সম্মেলনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, “আজ যোগাযোগের দুনিয়া আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত বদলে যাচ্ছে। চারপাশের অনিশ্চয়তা আর তথ্যের ভিড়ে পথ খুঁজে নিতে সৃজনশীলতাই এখন আমাদের সবচেয়ে শক্ত ভরসা।
“এই সামিট মনে করিয়ে দেয় সংস্কৃতি, মানবিকতা এবং সৃজনশীল চিন্তা মিলেই তৈরি হয় এমন ব্র্যান্ড-গল্প, যা দর্শকের কাছে সত্যিকারের সংযোগ তৈরি করে এবং ব্যবসাকেও এগিয়ে নিতে সাহায্য করে।”
দিনব্যাপী আয়োজনে তিনটি কি-নোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন ও দুটি কেস স্টাডির সমন্বয়ে ব্র্যান্ড কমিউনিকেশন শিল্পের চলমান প্রবণতা, ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।