সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনী
দুই দিনের এ প্রদর্শনী শেষ হয়েছে বৃহস্পতিবার।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে দুই দিনের এ প্রদর্শনী শেষ হয়েছে বৃহস্পতিবার।
স্লো জার্নালিজম: রিসার্চ অ্যান্ড স্টোরিটেলিং ইন ননফিকশন রাইটিং’ শিরোনামের প্রকল্পের আওতায় গত আট মাসের শিক্ষার্থীদের কর্মযজ্ঞ নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভাগের সাত শিক্ষার্থী তাবাসসুম মনির জিনিয়া, ইয়ারুন নেসা সারা, ইসরাত জাহান হ্যাপী, হুমায়রা কবীর প্রাপ্তি, জুবাঈদা নাসরিন, মোহাইমিনা খাঁন ও রাহিমা নেসা স্নেহার তোলা ছবি স্থান পায়।
উদ্বোধন অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান বলেন, “সাংবাদিকতা সমাজকে তুলে ধরার বড় একটি শক্তি। দ্রুতগতির খবরের ভিড়ে আমাদের শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে বস্তুনিষ্ঠ কাজ তুলে ধরতে শিখবে বলেই বিশ্বাস করি।”
অনুষ্ঠানে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে বলেন, “কাজগুলোর মান অত্যন্ত পেশাদার। জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে প্রায়ই নারী সাংবাদিকদের প্রতিনিধিত্বের অভাব দেখা যায়; এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করবে।”
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক সজীব সরকারও অনুষ্ঠানে কথা বলেন।
