২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৬ মাস মেয়াদি নতুন ডিপিএস সেবা নিয়ে এল বিকাশ

গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ছয় মাস মেয়াদে দুই হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস করতে পারছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

স্বল্পমেয়াদে একটু বেশি পরিমাণ অর্থ যারা সঞ্চয় করতে চান, এমন গ্রাহকরা এখন ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে বিকাশ অ্যাপ থেকে ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স-এ ডিপিএস খুলতে পারবেন। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, যারা নিকট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে চান, তাদের জন্য বেশ কার্যকর ছয় মাস মেয়াদি এই ডিপিএস।

সেখানে বলা হয়, “আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও বৃহৎ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে টেকসই করার লক্ষ্যেই বিকাশ তার প্ল্যাটফর্মে সংযুক্ত করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস সেবা। 

“এর অংশ হিসেবে ছয় মাস মেয়াদি ‘সাপ্তাহিক’ ডিপিএস চালুর পর, এখন নিয়ে আসা হল ছয় মাস মেয়াদি ‘মাসিক’ ডিপিএস সেবা।”

বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ছয় মাস মেয়াদে দুই হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস করতে পারছেন। 

গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি ডিপিএস খুলেছেন বলে জানিয়েছে বিকাশ।

নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ রেখে অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ক্লিক করতে হবে। 

এরপর সেভিংসের ধরন থেকে ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে এবং সেভিংসের মেয়াদ ছয় মাস বাছাই করে প্রতি মাসে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে। 

পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স অথবা ঢাকা ব্যাংক নির্বাচন করতে হবে।

এরপর নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিপিএসের বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে। 

সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএসের আবেদন সম্পন্ন হয়ে যাবে এবং বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ ম্যাসেজ। 

বিকাশ অ্যাপ থেকে যে কোনো গ্রাহক খুলতে পারেন একাধিক ডিপিএস। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএসের টাকা কেটে নেওয়া হয়। 

ডিপিএসের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর সুদসহ মূল টাকা চলে আসে বিকাশ অ্যাকাউন্টে, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। 

আর জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই সেভিংস সেবা বন্ধ করতে চাইলে গ্রাহক তা অ্যাপ থেকেই করতে পারবেন।