১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইক্রোবায়োলজিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে’ স্টামফোর্ড

২৪৬টি অ্যাকাডেমিক বিষয়ের ওপর গবেষণা প্রকাশনা বিশ্লেষণের মাধ্যমে এ র‍্যাংকিং প্রস্তুত করেছে এডুর‍্যাঙ্ক, বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

আন্তর্জাতিক র‍্যাংকিং প্রতিষ্ঠান ‘এডুর‍্যাংক’ এর হিসাবে মাইক্রোবায়োলজিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় সবার উপরে রয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪৬টি অ্যাকাডেমিক বিষয়ের ওপর গবেষণা প্রকাশনা বিশ্লেষণের মাধ্যমে এ র‍্যাংকিং প্রস্তুত করেছে এডুর‍্যাঙ্ক। পাশাপাশি অ্যাকাডেমিক সুনাম, জনসম্পৃক্ততা ও অ্যালামনাইদের অবদানও বিবেচনা করা হয়। এসব বিবেচনায় মাইক্রোবায়োলজিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে স্টামফোর্ড।

উপাচার্য অধ্যাপক শরীফ নাফে আস্-সাবের বলেন, “এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক শিক্ষা, আধুনিক গবেষণাগার সুবিধা এবং আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। স্টামফোর্ড ইউনিভার্সিটি সবসময় গবেষণানির্ভর শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে।”

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দিন বলেন, “এ অর্জন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের ফল। আমরা মাইক্রোবায়োলজিতে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”

সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ষষ্ঠ স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।