১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেবে প্রাণ

১৬ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ সম্মাননা দেওয়ার কথা বলেছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য ‘বাংলাদেশ অ্যাগো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ চালুর কথা জানিয়েছে প্রাণ গ্রুপ।

চলতি বছর সংশ্লিষ্ট বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে এ পরস্কার দেওয়া হবে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রোববার থেকে সাংবাদিকরা এ পুরস্কারের জন্য ‘অ্যাগ্রো মিডিয়া অ্যাওয়ার্ড’ নামের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারছেন।

১৬ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে সাংবাদিকদের সম্মাননা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীদের প্রতিবেদনের কোনো হার্ড কপি বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই। কোনো একটি প্রতিবেদন অনলাইন ও প্রিন্ট-দুটি মিডিয়াতেই প্রকাশিত হলে যেকোনো একটি ক্যাটাগরিতে জমা দিতে হবে।

আধুনিক কৃষি ও বাজারজাতকরণের টেকসই ব্যবস্থা, মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি ও কৃষকদের উন্নয়নে এগ্রো প্রসেসিং খাতের প্রসার, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের অগ্রগতি, উদ্ভাবন, সমস্যা ও সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি প্রক্রিয়াজাত খাতের সরবরাহ ব্যবস্থা, এ খাতের রপ্তানি, সমস্যা ও সম্ভাবনাসহ কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনগুলো এ উদ্যোগের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হলো কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত। 

“উদ্যোগটি প্রাণ গ্রুপের ধারবাহিক প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য তথ্যভিত্তিক সাংবাদিকতাকে উৎসাহিত করা এবং সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা।”