১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউআইইউতে ‘পানির অধিকার’ নিয়ে আলোচনা সভা

দেশজুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিতে জোর দেওয়ার কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:32 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ' শিরোনামে আলোচনা সভা হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ সেমিনার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন। তিনি দেশজুড়ে ন্যায্য ও টেকসই পানি বণ্টন নিশ্চিতে জোর দেন।

তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, জলবায়ুজনিত প্রতিবন্ধকতা মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন।

এছাড়া পানি নিরাপত্তা জাতীয় উন্নয়নের সঙ্গে জড়িত এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান।

ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান পানির অধিকারকে শুধু একটি সম্পদগত বিষয় হিসেবে নয়, বরং সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের বিষয় হিসেবে দেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য একটি অধিকার-ভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার উপর বিস্তারিত আলোকপাত করেন।

সেমিনারে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ সিএসআইআরএসের পরিচালক অধ্যাপক মো. মুজিবুর রহমান এবং বুয়েটের আইটিএনের পরিচালক অধ্যাপক রওশন মমতাজ। 

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া।