ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদ ফয়েজ
“ওসমানের নেতৃত্ব ঢাকা ব্যাংকের কৌশলগত অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে,” বলেন চেয়ারম্যান আবদুল হাই সরকার।
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ওসমান এরশাদ ফয়েজকে নিয়োগ দিয়েছে ঢাকা ব্যাংক।
রোববার ওসমান এরশাদ ফয়েজ নতুন দায়িত্ব গ্রহণ করেন বলে ঢাকা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংকের এএমডি ও সিওও হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
তিনি এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার (সিআইওও) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবেও কাজ করেছেন।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, “দেশের ব্যাংকিং খাত এমন এক সময় পার করছে, যখন সুশাসন, শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়ন ও প্রযুক্তিনির্ভর রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব ঢাকা ব্যাংকের কৌশলগত অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
ওসমান এরশাদ ফয়েজ বলেন, “আমার লক্ষ্য হবে গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও জোরদার করা; প্রযুক্তি ও প্রক্রিয়ায় আধুনিকায়ন আনা এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করা।”
