Published : 25 Jun 2025, 05:41 PM
বিয়ের ব্যয় সামলানো ও দেনমোহর আদায় সহজ করতে ‘মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট’ ও ‘মুদারাবা মোহর সঞ্চয় প্রকল্প’ নামে দুটি অ্যাকাউন্ট রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশে।
ব্যাংক কর্তৃপক্ষ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অ্যাকাউন্ট দুটি বেশ গ্রাহকপ্রিয় হয়েছে। উভয় অ্যাকাউন্ট মাসিক কিস্তিভিত্তিক। বর্তমানে বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট রয়েছে ৫৩ হাজার। আর মোহর সঞ্চয় অ্যাকাউন্ট রয়েছে ৫২ হাজার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিয়ের খরচ যোগাতে ‘মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট’ খুলতে পারেন। এক্ষেত্রে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। মেয়াদ তিন থেকে পাঁচ বছর। শরিয়াভিত্তিতে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা দেওয়া হয়। বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়।
আর ‘মুদারাবা মোহর সঞ্চয় প্রকল্প’ পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষরা মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে সামর্থ্য অনুযায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন। ৫ ও ১০ বছর মেয়াদে অ্যাকাউন্ট খোলা যাবে। ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তি পরিশোধের সুবিধা রয়েছে।
জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের দুই কপি ছবি, বিবাহ সেভিংস অ্যাকাউন্টের জন্য নমিনির এক কপি ছবি এবং মোহর অ্যাকাউন্টের জন্য স্ত্রীর দুই কপি ছবি নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্টে অ্যাকাউন্ট খোলা যাবে।
মোবাইল ফোনের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলা যায়। ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেটে কিস্তির টাকা জমা দেওয়া যায়। এ ছাড়া মোবাইল ফোন, ইন্টারনেট ব্যাংকিং ও এমক্যাশের মাধ্যমে ঘরে বসে সহজে মাসিক কিস্তি ট্রান্সফার করা যায়। শাখায় ‘স্পেশাল ইনস্ট্রাকশন’ দিয়ে রাখলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাব থেকে বিবাহ ও মোহর অ্যাকাউন্টে কিস্তির টাকা জমা হবে। গ্রাহক চাইলে কিস্তির টাকা অগ্রিম পরিশোধও করতে পারেন।