১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অ্যাক্সেসিবল ইনিশিয়েটিভসে’ সম্মাননা পেল ইবিএল স্কাইব্যাংকিং

“ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে একমাত্র ইবিএল স্কাইব্যাংকিং এ স্বীকৃতি পেল,” সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি আর্থিক প্রতিষ্ঠানটির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 04:48 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

‘অন্তর্ভুক্তিমূলক’ ও ‘সহজপ্রাপ্য’ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় ‘রিকগনিশন ফর অ্যাক্সেসিবল ইনিশিয়েটিভস’ সম্মাননা পেয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ফ্ল্যাগশিপ মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইবিএল স্কাইব্যাংকিং’।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি দাবি করেছে, ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে একমাত্র ইবিএল স্কাইব্যাংকিং এ স্বীকৃতি পেল।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মিলনায়তনে ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ২০২৬’ নিয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানের আয়োজক ছিল ‘অ্যাসপায়ার টু ইনোভেট’ (এটুআই)।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যৌথভাবে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব গ্রাহকের জন্য নিরাপদ, সহজ ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইবিএল স্কাই ব্যাংকিংকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

ইবিএল অ্যাপটিতে স্ক্রিন রিডার কম্প্যাটিবিলিটি, ভয়েস-অ্যাসিস্টেড নেভিগেশন, বায়োমেট্রিক লগইন এবং তাৎক্ষণিক ট্রানজ্যাকশন অ্যালার্টসহ বিভিন্ন অ্যাক্সেসিবিলিটি সুবিধা যুক্ত করা হয়েছে, যা গ্রাহকের জন্য নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করছে।

অনুষ্ঠানের কো-অরগানাইজার ছিল ফ্রেন্ডশিপ ও সাইটসেভার্স।