সেন্ট যোসেফের লাইব্রেরি আধুনিকায়ন করল বিকাশ
সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরির অবকাঠামো আধুনিকায়ন করা হয়েছে।
মোবাইলে আর্থিক সেবাদানকারী কোম্পানি বিকাশে উদ্যোগে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি আধুনিকায়ন করা হয়েছে।
শনিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরির অবকাঠামো আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে বই পড়ার সুযোগ পাবে।
শিক্ষার্থীরা লাইব্রেরি সদস্য কার্ডের মাধ্যমে বই নিয়ে বাড়িতেও পড়তে পারেন। লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধা ও কয়েকটি ডেস্কটপ কম্পিউটার দেওয়া হয়েছে।
মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরি আধুনিকায়ন উপলক্ষে শনিবার স্কুল প্রাঙ্গণে একটি স্মরণসভাও আয়োজন করা হয়। সেখানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেইরা, প্রয়াত মাহফুজ সাদিকের সহধর্মিণী মালিহা মোজাম্মিল উপস্থিত ছিলেন।
স্কুলের অ্যালামনাই আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার এবং ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা ইমরান রহমানও উপস্থিত ছিলেন।
মাহফুজ সাদিক সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে তিনি এসএসসি পাশ করেন। এক দশকেরও বেশি সময় তিনি বিবিসির লন্ডন অফিসে কাজ করেছেন।
২০২১ সাল থেকে বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান।
