Published : 07 Jun 2026, 12:01 AM
কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন সাত সাংবাদিক।
রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে শনিবার বিজয়ীদের পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রাণ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিন্ট বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজের নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।
প্রথমবারের মত এই পুরস্কার চালুর কথা জানিয়েছে প্রাণ গ্রুপ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষি-শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী চিন্তা। দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য।”
অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ উপস্থিত ছিলেন।