রবি গ্রাহকদের জন্য আসছে ঢাকা ব্যাংকের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড
রবি বলছে, এই কার্ড ব্যবহারকারীদের জীবনযাত্রা, ভ্রমণ এবং আর্থিক লেনদেনকে ‘আরও সমৃদ্ধ’ করবে।
রবি’র এলিট গ্রাহক ও কর্মীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক ও রবি আজিয়াটা পিএলসি।
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই কার্ড ব্যবহারকারীদের জীবনযাত্রা, ভ্রমণ এবং আর্থিক লেনদেনকে ‘আরও সমৃদ্ধ’ করবে এবং দৈনন্দিন জীবনে ‘অতিরিক্ত সুবিধা’ দেবে বলে তারা আশা করছে।
ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এবং রবি আজিয়াটার কাস্টমার ভ্যালু সলিউশনস, মার্কেট অপারেশনস বিভাগের ডিরেক্টর মানিক লাল দাস এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
রবি বলছে, কো-ব্র্যান্ডেড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রবি এলিট গ্রাহক ও কর্মীরা ‘আকর্ষণীয় সুবিধা’ উপভোগ করতে পারবেন। এই ক্রেডিট কার্ডের জন্য প্রথম তিন বছর বার্ষিক ফি দিতে হবে না। পাশাপাশি থাকছে সর্বোচ্চ তিনটি ফ্রি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা।
এই কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু প্রিমিয়াম ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন। তাতে থাকছে বিমানবন্দরে বিনামূল্যে পিক-আপ ও ড্রপ-অফ সার্ভিস, মিট-এন্ড-গ্রিট সহায়তা, লাউঞ্জকির মাধ্যমে আটটি আন্তর্জাতিক লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী ১৬০০টিরও বেশি লাউঞ্জে প্রবেশের সুযোগ।
এই ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাবেন একটির দামে সর্বোচ্চ তিনটি ফ্রি বুফে অফারসহ এক্সক্লুসিভ হোটেল সুবিধা। ঢাকা ব্যাংকের কুইন্টুপল ক্রেডিট শিল্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং দেশব্যাপী ১০ হাজারের বেশি অংশীদার প্রতিষ্ঠানে লাইফস্টাইল পণ্যে বিশেষ ছাড়।
অন্যদের মধ্যে ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, রবি আজিয়াটার অ্যাসোসিয়েট ডিরেক্টর (কমার্শিয়াল পার্টনারশিপ) মো. সানজিদ হোসেন, জেনারেল ম্যানেজার (লয়্যালটি ও পার্টনারশিপ) এ এস এম ফয়সাল এবং জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল পার্টনারশিপ) তানভীর আলম চৌধুরী সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
