Published : 06 Aug 2026, 06:46 PM
গ্রাহকদের ডিজিটাল সংযোগ ও সেবার অভিজ্ঞতাকে ‘বদলে দেওয়ার’ অভিজ্ঞতায় মাইজিপি অ্যাপের ১০ম বর্ষপূর্তি উদযাপন করছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে মাইজিপি অ্যাপ ২ কোটি ৩০ লাখেরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। গ্রামীণফোনের ৯৯ শতাংশেরও বেশি পণ্য ও সেবাকে একক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসেছে অ্যাপটি।
“২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে মাইজিপি একটি টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বিবর্তিত হয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে।”
মাইজিপি অ্যাপের দশ বছর পূর্তিকে সামনে রেখে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “গত এক দশকে গ্রাহকদের প্রত্যাশা যেভাবে পরিবর্তিত হয়েছে, মাইজিপিও ঠিক সেভাবেই পরিবর্তিত হয়েছে; যার মূল উদ্দেশ্য ছিল প্রতিটি গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও সময়োপযোগী করে তোলা।
“প্রত্যাশাগুলো যেভাবে ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে, আমরাও হাইপার পার্সোনালাইজড অভিজ্ঞতা, ইন্টেলিজেন্ট রিকমেন্ডেশন এবং ব্যক্তিগত লাইফস্টাইলের সঙ্গে মানানসই সেবার মাধ্যমে গ্রাহকদের চাহিদা বোঝার জন্য প্রতিনিয়ত উদ্ভাবন করে যাচ্ছি।”
সোলায়মান আলমের ভাষ্য, মাইজিপি শুধু একটি টেলিকম অ্যাপের চেয়ে অনেক বেশি কিছু। এটি এমন একটি ডিজিটাল সঙ্গী যা গ্রাহকদের একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে নির্বিঘ্নে সংযুক্ত হতে, লেনদেন করতে, বিনোদন উপভোগ করতে এবং তাদের ডিজিটাল জীবন পরিচালনা করতে সহায়তা করছে।
এদিকে গ্রামীণফোন জানিয়েছে, মাইজিপির ১০ম বর্ষপূর্তির মাইলফলক উদযাপনে গ্রাহকদের জন্য নানা ধরনের আকর্ষণীয় অফার আনা হয়েছে। এই উদযাপনের অংশ হিসেবে নির্দিষ্ট মানদণ্ডে উপযুক্ত ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট, একটি আইফোন ১৭ প্রো জেতার সুযোগ এবং রয়েছে অন্যান্য আকর্ষণীয় সব সুবিধা।
মাইজিপি অ্যাপটি নিজের রিচার্জ নিজে করা, নিজের প্রয়োজনমত প্যাক বানানো, মহামারীর কঠিন সময়েও সবার সঙ্গে নিশ্চিন্তে যুক্ত থাকা, লাইভ স্পোর্টস থেকে গ্লোবাল এন্টারটেইনমেন্ট উপভোগের সুযোগ এনে দিয়েছে।
গ্রামীণফোন মনে করে, ১০ বছর পেরিয়ে আজকের দিনে সবার পছন্দের ডিজিটাল লাইফস্টাইল সল্যুশন হয়ে উঠেছে মাইজপি অ্যাপ।