আম সংগ্রহ করছে প্রাণ
প্রাণ গ্রুপের আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি।
প্রতি বছরের মতো এবারের মৌসুমেও আম সংগ্রহ কার্যক্রম শুরু করেছে প্রাণ গ্রুপ।
বুধবার এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। রাজশাহীর গোদাগাড়িতে প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক (বিআইপি) ঘুরে দেখেন তিনি।
এসময় প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
প্রাণ-আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাণ গ্রুপ ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদনে আম সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। চলতি মৌসুমে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা জেলা থেকে আম সংগ্রহ করা হচ্ছে।”
গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, "ক্রেতাদের জন্য সর্বোত্তম মানের ফ্রুট ড্রিংকস ও জুস নিশ্চিত করতে কাঁচামালের গুণগত মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণেই আম উৎপাদনের জন্য বিখ্যাত অঞ্চলে আমাদের সংগ্রহ ও ‘পাল্পিং’ কারখানা প্রতিষ্ঠা করছি। এতে চাষিরা সহজেই তাদের আম সরবরাহ করতে পারছেন।”
