Published : 02 Dec 2025, 11:55 PM
মোবাইল ফোন ব্র্যান্ড অনারের আধুনিক কারখানা চালু হয়েছে বাংলাদেশে।
এর মাধ্যমে স্থানীয়ভাবে অনারের মোবাইল ফোন সংযোজনের কার্যক্রম শুরু হল। গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে এ কারখানাটির প্রতি মাসে ৬০ হাজার মোবাইল ফোন তৈরির সক্ষমতা রয়েছে।
স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অনারের একটি মডেল এখন সংযোজনে যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।
“কারখানায় উৎপাদনে সম্পৃক্ত রয়েছে এখন ৩৫০ কর্মী। এখন মাসে ৬০ হাজার ইউনিট মোবাইল তৈরির সক্ষমতা রয়েছে। আমরা বাজারের চাহিদা বৃদ্ধির সঙ্গে এ সক্ষমতা আরও বাড়াব।”
এ কারখানায় অনারের সংযোজিত ডিভাইসগুলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল নিয়ে দেশের বাজারে আসবে। কারখানাটিতে মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ সংযোজনের ধাপগুলোতে এআই প্রযুক্তিচালিত অটোমেশন ব্যবহার করা হচ্ছে
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশ বর্তমানে ডিজিটাল রূপান্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমাদের নিজেদের দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা কমাতে হবে। ডিভাইসের সহজলভ্যতা আরও বাড়াতে হবে, পাশাপাশি তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিতে হবে।
“এই উদ্বোধনের মাধ্যমে স্মার্ট ও অনার বাংলাদেশে অর্থবহ কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের দিকে সত্যিকার অর্থেই একটি বড় পদক্ষেপ নিল।”
অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জর্জ ঝেং বলেন, “আমাদের লক্ষ্য শুধু কর্মসংস্থান সৃষ্টি করা নয়; এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে স্থানীয় পেশাজীবীদের দক্ষতা বিকশিত হবে, প্রযুক্তি অগ্রসর হবে এবং সম্প্রদায় আরও সমৃদ্ধ হবে।
“আমরা উৎপাদনে নিরাপত্তা, স্থায়িত্ব এবং সততার সর্বোচ্চ মান বজায় রাখার আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করছি।”
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসির পরিচালক মো. নূরন্নবী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া এবং বাংলাদেশে অনারের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন ও ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
২০২৩ সালের শেষ দিকে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনার।