Published : 24 Nov 2025, 07:27 PM
‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ নামে নতুন সিমেন্ট বাজারে এনেছে ‘ডায়মন্ড সিমেন্ট লিমিটেড’।
সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পণ্যটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভূমিকম্প গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তিনদিনে যে শক্তি পায়, সাধারণ সিমেন্টের সেই শক্তি পেতে সাতদিন লাগে। নতুন এই ব্র্যান্ডের সিমেন্টে ৩৫০০ পিএসআই স্ট্রেংথ আসবে তিনদিনে। এতে দ্রুত নির্মাণ কাজ শেষ করা যাবে।”
সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “২০২০ সালে সংশোধন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড করা হয়েছে। তবে এর ব্যবহার হয়েছে খুবই কম। ২০২০ সালের আগে যেসব ভবন হয়েছে, তাতে নির্মাণের আদর্শ নীতিমালা মানা হয়নি।
“এখন আমাদের সব ভবনের অ্যাসেসমেন্ট শেষে ‘শক্তি বৃদ্ধিকরণ’ প্রকল্প নিতে হবে। যেসব ভবনের শক্তি বৃদ্ধি করা যাবে না, সেগুলো ভেঙে ফেলতে হবে। এটা সরকার একা পারবে না, সবার দায়িত্ব আছে।”
অনুষ্ঠানে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জি এম সাদিকুল ইসলাম ‘ডায়মন্ড এক্সট্রা পাওয়ার’ সিমেন্ট বিষয়ে বলেন, “এই সিমেন্ট দ্রুত জমাট বাঁধে ও শক্তি সঞ্চয় করে। প্রিকাস্ট স্ল্যাব, গার্ডার, কলাম, পাইলিং, রেলওয়ে স্লিপার এবং মেরামত কাজের জন্য এটি খুবই উপযোগী।
“সম্প্রতি ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন জায়গায় যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের জন্য এই সিমেন্ট কার্যকর হবে।”
অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী বলেন, “আমরা চাই বাংলাদেশের উন্নয়নযাত্রায় দ্রুত নির্মাণ, অধিক শক্তি ও টেকসই অবকাঠামো নিশ্চিত করতে। এ লক্ষ্যেই আমাদের নতুন ব্র্যান্ড। এই সিমেন্ট স্থাপনায় আনবে বিশ্বমানের শক্তি ও স্থায়িত্ব।”
নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলম, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অচিত্য কুমার চক্রবর্তী, চট্টগ্রাম ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজদ্দৌলা, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চট্টগ্রাম সেন্টারের অনারারি সেক্রেটারি খান মোহাম্মদ আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক খালেদা বেগম ও পরিচালক আব্দুল্লাহ আল ফারহাদ, ফরচুন নেভিগেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ।
অনুষ্ঠানে উৎপাদন, মান ও বিপণনসহ নতুন পণ্যের নানাদিক তুলে ধরেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক এবিএম কামাল উদ্দিন ও মো. গোলাম মোস্তফা, মহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম ও মো. আরিফুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার প্রকৌশলী ইশতিয়াক রায়হান মাহমুদ।