Published : 27 Jan 2026, 08:04 PM
দেশের দুগ্ধশিল্পের বিকাশে অবদান রাখা ‘খাঁটি খামারিদের’ সম্মাননা দিতে যাচ্ছে ‘প্রাণ দুধ’।
এ উপলক্ষে ‘প্রাণ দুধ-খাঁটি খামারি সম্মাননা ২০২৬’ ক্যাম্পেইনের সম্মাননা স্মারক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গুলশানে এমসিসিআই সম্মেলন কেন্দ্রে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এই সম্মাননা স্মারক উন্মোচন করেন।
প্রাণের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দুগ্ধশিল্পের বিকাশে খামারিদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে এ খাতের টেকসই উন্নয়নে উৎসাহিত করা হবে।
প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুড়া, কুড়িগ্রাম, নাটোরসহ দেশব্যাপী প্রাণ ডেইরির ১২৪টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র (ভিএমসিসি) থেকে স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। প্রাণ ডেইরির ১৬ হাজার তালিকাভুক্ত দুগ্ধ খামারি রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য দেবেন।
দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন করা খামারিদের তথ্য যাচাই-বাছাই করা হবে। এরপর সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বিশেষ জুরিবোর্ড ১০ জন ‘খাঁটি খামারি’ নির্বাচন করবে।
চূড়ান্ত পর্বে নির্বাচিত সেরা তিন ‘খাঁটি খামারি’ সম্মাননা স্মারক ও এক লাখ টাকা সমমূল্যের পুরস্কার পাবেন। পাশাপাশি বাকি সাতজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছে প্রাণ।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে দুগ্ধশিল্পের বিকাশে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মানিত ও অনুপ্রাণিত করাই আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তাদের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে অন্যদেরও যেন গাভী লালন-পালনে আগ্রহী করা যায়, সে প্রচেষ্টাই করা হচ্ছে।
“ভোক্তাদের হাতে নিরাপদ ও মানসম্মত দুধ পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার প্রাণ দুধের রয়েছে, সেটিও জনসাধারণের সামনে স্পষ্টভাবে তুলে ধরাই এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।”
প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান বলেন, “দুই দশকের বেশি সময় ধরে প্রাণ দুধ দেশের অগণিত খেটে খাওয়া খামারিদের পাশে আছে। তাদেরকে ন্যায্যমূল্য, প্রশিক্ষণ, ভেটেরেনারি চিকিৎসাসহ আরো নানাবিধ সহায়তা দেওয়ার ফলে অধিকাংশ খামারির জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।”
প্রাণের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান, প্রাণ ডেইরির হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তায়িন কাদের, ব্র্যান্ড ম্যানেজার ফজলে এলাহি নাঈমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।