২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিকাশে ৫০ লাখ ডিপিএস

যে গ্রাহকরা ইসলামী শরিয়াহ মোতাবেক সঞ্চয়ে আগ্রহী, তাদের জন্য রয়েছে দুটি ব্যাংকের ইসলামিক ডিপিএস সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 11:47 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বিকাশে ডিপিএস সুবিধা যুক্ত হওয়ার চার বছরে অ্যাপ থেকে ৫০ লাখ ডিপিএস খোলা হয়েছে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, গ্রাহকরা চারটি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে খুলেছেন ৫০ লাখের বেশি ডিপিএস। স্বাচ্ছন্দ্যে এক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্তাহিক ও মাসিক- উভয় ধরনের ডিপিএস খোলার সুযোগ থাকায় ন্যূনতম সময়ে এই মাইলফলক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আর্থিক প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিজ নিজ সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও বেশি গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে টেকসই করতে পারে। এ ধারণা থেকেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস সেবা তার প্ল্যাটফর্মে নিয়ে এসেছে বিকাশ। পাশাপাশি, সময়োপযোগী এই ডিপিএস সেবা মূলধারার ব্যাংকিংয়ের সাথে প্রান্তিক গ্রাহকদের একটি সেতুবন্ধন তৈরি করেছে।”

২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্স এর মাসিক ডিপিএস সেবা দিয়ে যাত্রা শুরু করা বিকাশের ডিজিটাল সেভিংস সেবায় পর্যায়ক্রমে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। 

বিকাশ অ্যাপে মাসিক ডিপিএসের পাশাপাশি সাপ্তাহিক ডিপিএস সেবা চালু হয় ২০২৪ সালের প্রথমার্ধে। সাধারণ ডিপিএস ছাড়াও যে গ্রাহকরা ইসলামী শরিয়াহ মোতাবেক সঞ্চয়ে আগ্রহী, তাদের জন্য রয়েছে দুটি ব্যাংকের ইসলামিক ডিপিএস সেবা।

অ্যাপ থেকে যে ডিপিএসগুলো খোলা হয়েছে তার ৩০ শতাংশই নারী, বলছে বিকাশ।

প্রতিষ্ঠান ও ডিপিএসের ধরনভেদে (সাপ্তাহিক বা মাসিক) ছয় মাস থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে ২৫০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত জমাতে পারছেন গ্রাহকরা।