Published : 01 Feb 2026, 09:56 PM
দেশের বিনিয়োগ সেবাকে 'একীভূত' ও 'সম্পূর্ণ ডিজিটাল' করার লক্ষ্যে নতুন সংস্করণ চালু করেছে বাংলাবিজ প্ল্যাটফর্ম।
রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) যৌথ উদ্যোগে ‘বাংলাবিজ ২.০’ সংস্করণ উদ্বোধন করা হয়।
এদিন বিডার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি একক, পূর্ণাঙ্গ ও ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল।
তথ্যভিত্তিক পোর্টাল হিসেবে বাংলাবিজের প্রথম সংস্করণ গত ২৮ সেপ্টেম্বর চালু করা হয়।
সে সময় বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বিদ্যমান ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালগুলো সংযুক্ত করে বিনিয়োগকারীদের জন্য একটি একক ডিজিটাল প্রবেশদ্বার তৈরির কথা বলা হয়।
এর ধারাবাহিকতায় রোববার ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে চালু হলো দ্বিতীয় সংস্করণ।
অনুষ্ঠানে দেশ-বিদেশের ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "নতুন ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’-এর আওতায় ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় পাঁচটি প্রধান অনুমোদন, যেমন- নেম ক্লিয়ারেন্স, অস্থায়ী ব্যাংক হিসাব খোলা, কোম্পানি নিবন্ধন, ই-টিআইএন এবং ট্রেড লাইসেন্স একটি আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এর ফলে বিনিয়োগকারীরা মাত্র তিন কার্যদিবসের মধ্যেই ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে পারবেন।"
এছাড়াও পরিবেশ ছাড়পত্র, ভ্যাট নিবন্ধন, কারখানা ও অগ্নিনিরাপত্তা–সংক্রান্ত লাইসেন্স, আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদসহ (আইআরসি ও ইআরসি) ২০টির বেশি ব্যবসায়িক অনুমোদন বাংলাবিজ প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত করা হয়েছে, যেন বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় সব অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান তোমোহিদে ইচিগুচি উপস্থিত ছিলেন।